গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:০২
এমনিতেই নানারকম কথকতা দিয়ে লোক হাসানোর কাজটি সহজ কোনো বিষয় নয়। তার উপর কাউকে যদি একটানা কয়েক ঘণ্টা ধরে লোক হাসানোর এই কাজটি করতে বলা হয় তাহলে কাজটি হয়ে পড়ে আরো কঠিন। তবে এই কঠিন কাজটি অনায়াসে সম্পন্ন করেই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন আমেরিকার পোর্টল্যান্ডের কমেডিয়ান বব মার্লে। ২০১০ সালের ২২ সেপ্টেম্বর সকালে মাত্র ১০ জন দর্শকের সামনে বব তার কৌতুক পরিবেশনের কাজটি শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই অডিটোরিয়ামে জড়ো হন শতাধিক শ্রোতা। আর এদেরই সামনে একটানা ৪০ ঘণ্টা স্ট্যান্ডআপ কমেডির নতুন রেকর্ড গড়েন বব। ভেঙ্গে ফেলেন ২০০৯-এ করা অস্ট্রেলিয়ার লিন্ডসে ওয়েবের পূর্বোক্ত রেকর্ডটিও। অন্যদিকে রেকর্ড ভাঙার এই ক্ষণে স্ট্যান্ডআপ কমেডি শোর টিকেট বিক্রির মাধ্যমে অর্জিত সকল অর্থই বব মার্লে দান করে দেন পোর্টল্যান্ডের মেইন শহরের বারবারা বুশ চিলড্রেন হসপিটালে।