পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
বরগুনার পাথরঘাটায় ঢাকা-পাথরঘাটা নৌপথে লঞ্চ সার্ভিসের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে এ মানববন্ধন করে পাথরঘাটা প্রেসক্লাব, উপজেলা আইনজীবী সমিতি ও বণিক সমিতি।
প্রেসক্লাব সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, প্রেসক্লাবের সম্পাদক জাকির হোসেন খান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকা-পাথরঘাটা নৌপথ বর্তমান সময়ে অত্যন্ত ব্যবসা সফল একটি রুট। ১২ বছর আগে এ রুটে লঞ্চ সার্ভিস থাকলেও বর্তমানে নেই। পাথরঘাটা থেকে ২০ কিলোমিটার দূরে একটি লঞ্চ টার্মিনাল থাকলেও ঝুঁকি নিয়ে যাত্রীরা চলাচল করে। এ নৌপথে কোনো লঞ্চ না থাকায় যাত্রীদের চাহিদা পূরণ হয় না। সার্বিক দিক বিবেচনা করে ঈদুল ফিতরের আগেই ঢাকা-পাথরঘাটা নৌপথে প্রতিদিন দুইটি লঞ্চ চালুর জন্য প্রধানমন্ত্রী ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বক্তারা।
