না’গঞ্জে ডিবি পুলিশ অবরুদ্ধ

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:০৫
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তেলবাহী একটি ট্যাঙ্কলরি থেকে তেল নামানোর সময় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে ডিবি পুলিশ অবরুদ্ধ ও প্রায় আধাঘণ্টা ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে রাখে লরি চালকরা। মঙ্গলবার দুপুর ১২টায় ফতুল্লার আলীগঞ্জ ও পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। আগামী রবিবার এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ার পর অবরোধ তুলে নেয়া হয়। জানা গেছে, দুপুর ১২টায় একটি ট্যাঙ্কলরি ফতুল্লার পঞ্চবটি এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিয়ন্ত্রণাধীন যমুনা ডিপো থেকে বের হয়ে আলীগঞ্জ মাদ্রাসা ঘাট এলাকায় যায়। সেখানে প্রায় ৩৫ লিটার তেল আনলোডের সময় ডিবি পুলিশের কয়েকজন সোর্স গিয়ে বাধা দেয় এবং চাঁদা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় ডিবি পুলিশের এস আই মোস্তাফিজুর রহমানসহ আরো কয়েকজন কর্মকর্তা একজন চালক দিয়ে ট্যাঙ্কলরিটি নারায়ণগঞ্জ ডিবি অফিসে নিয়ে যাওয়ার সময় পঞ্চবটি এলাকায় যমুনা ডিপোর সামনে আসলে অন্য চালকরা লরিটি আটকে বিক্ষোভ করতে থাকে। এসময় লরির সঙ্গে আসা ডিবির এসআইসহ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে ডিপোর ভেতরে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে চালকরা ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে। ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জানান, ফতুল্লা মডেল থানা পুলিশ গিয়ে অবরুদ্ধ ডিবি কর্মকর্তাদের উদ্ধার এবং আগামী রবিবার এ নিয়ে বৈঠক করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হলে অবরোধ তুলে নেয়া হয়। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মাহাবুব হোসেন জানান, পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ডিবির কোন অফিসারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।