বান্দরবানের আলীকদম উপজেলায় এক আসামিকে ধরে পিটুনি দিয়ে পুলিশ হাসপাতালে পাঠিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের এক এএসআই-এর বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা শ্লোগান দিয়ে বিচারের দাবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার আলীকদম বাজারে আল-রসিদ হোটেলের সামনে এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসাইন বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর তাকে তার আত্মীয়-স্বজন ও কিছু দুষ্কৃতকারী ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ধস্তাধস্তিতে পুলিশ ও আসামি সামান্য আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় মোটর সাইকেল চালক মো. আলমগীরকে (৩১) সাদা পোশাকধারী পুলিশ আলীকদম বাজারে ধরে হাতকড়া লাগায়। হাতকড়া পরা অবস্থায় আলমগীরকে বেধড়ক পেটাতে থাকে পুলিশ। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে গেলে পুলিশ তাদের সাথে খারাপ আচরণ করেন। এ ঘটনায় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠে। অবস্থা বেগতিক দেখে বাজারের আতাউলের কাপড়ের দোকানে আশ্রয় নেয় পুলিশ সদস্যরা। সেখান থেকে উপস্থিত লোকজন আহত আলমগীরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পুলিশের এএসআই শাহ জাহান আসামিকে কোন ধরনের নির্যাতন করা হয়নি বলে দাবি করেন। আহত আলমগীরের ভাই আব্দুল মান্নান জানান, কথিত ওয়ারেন্টের নামে তার ভাইকে আটকের পর বাজারে জনসমক্ষে পুলিশ অফিসার শাহজাহান বেপরোয়া পেটায়।
