মোবাইল বিশ্বের বৃহত্তম প্রদর্শনী

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৪

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:৫৯
গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয়ে গেল মোবাইল বিশ্বের বৃহত্তম বাত্সরিক আয়োজন ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৪’। বড় বড় সব স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য মোবাইল ডিভাইস নির্মাতারা অংশ নেয় এই আয়োজনে। নতুন নতুন ডিজাইনের স্মার্টফোন, ট্যাবলেট পিসির উপস্থিতিতে জমজমাট ছিল এই আয়োজন। মোবাইলের এই প্রদর্শনী নিয়ে লিখেছেন তরিকুর রহমান সজীব বর্তমান বিশ্বকে বলা হয়ে থাকে স্মার্টফোন, ট্যাবলেট পিসির মতো মোবাইল ডিভাইসের যুগ। প্রযুক্তি পণ্যের মধ্যে এই স্মার্টফোন আর ট্যাবলেট পিসিই গ্রাহক পছন্দের শীর্ষে অবস্থান করছে। আর সে কারণে এ ধরনের মোবাইল ডিভাইসের বড় বড় প্রদর্শনীর দিকে নজর থাকে আগ্রহী সকলের। আর এসব ডিজাইন নিয়েই বিশ্বের বৃহত্তম প্রদর্শনীর নাম ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’। মোবাইল ফোনের বিশ্বের বৃহত্তম সংস্থা জিএসএম অ্যাসোসিয়েশন প্রতিবছর আয়োজন করে থাকে এই প্রদর্শনী। প্রতি বছরের মতো এ বছরেও অনুষ্ঠিত হয়ে গেল ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৪’। গত ফেব্রুয়ারি মাসের ২৪ থেকে ২৭ তারিখ পর্যন্ত মোবাইল বিশ্বের রাজধানী স্পেনের বার্সেলোনায় ৪ দিনের এই আয়োজনে অংশ নেয় বিশ্বের বড় বড় সব মোবাইল নির্মাতা এবং মোবাইল সংশ্লিষ্ট কোম্পানি। নতুন নতুন স্মার্টফোন আর মোবাইল পযুক্তিতে উদ্ভাসিত এই প্রদর্শনীর আলোচিত বিভিন্ন দিক তুলে ধরা হলো এই লেখায়। মোবাইল চিপে নতুনত্ব ধারণা করা হচ্ছে এই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের পরেই ৬৪-বিটের স্মার্টফোন মূল ধারায় প্রবেশ করবে। এর আগে কেবল অ্যাপল’র আইফোন ৫এস-এই দেখা মিলেছে ৬৪-বিটের মোবাইল প্রসেসর বা চিপ। পরবর্তীকালে স্যামসাং গ্যালাক্সি এস৫-এর মাধ্যমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখা মেলে ৬৪-বিটের স্মার্টফোনের। অন্যান্য স্মার্টফোন নির্মাতারাও ৬৪-বিটের স্মার্টফোন আনতে উদগ্রীব হয়ে রয়েছে। তাদের জন্যই বড় একটি ঘোষণা নিয়ে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হাজির হয় চিপ নির্মাতা ইন্টেল। তারা প্রদর্শন করে অ্যাটম জেড ৩৪৮০ মডেলের ডুয়াল-কোর ৬৪-বিট মোবাইল প্রসেসর। ‘মেরিফিল্ড’ কোডনামের এই প্রসেসর ৬৪-বিট স্মার্টফোন ও ট্যাবলেটের নির্মাতাদের জন্য একটি সুখবর বটে। এর বাইরে চলতি বছরের শেষে ‘মুরফিল্ড’ কোডনামের জেড৩৫এক্সএক্স মডেলের আরেকটি কোয়াড কোর প্রসেসর আনবে বলেও জানায় ইন্টেল। অন্যদিকে মোবাইল ডিভাইসে চিপ নির্মাতা কোয়ালকমও বসে নেই। তাদের হাই-এন্ড কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসরের আপডেট স্ন্যাপড্রাগন ৮০১-এর ঘোষণা দিয়েছে। এটি আগের মতোই ২৮ ন্যানোমিটার প্রসেসর এবং আগের ইঞ্জিনে তৈরি হলেও নতুন আপডেট সংস্করণ ২.৪৫ গিগাহার্জ গতিতে কাজ করবে এবং এর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট কাজ করবে ৫৭৮ মেগাহার্জ। এ ছাড়া মিড-রেঞ্জ স্মার্টফোনের জন্য ৬৪-বিট প্রসেসরের ঘোষণাও দেয় তারা। চিপ নির্মাণে মনোযোগ বাড়িয়েছে স্যামসাংও। তারা এক্সিনস সিরিজের নতুন দুইটি প্রসেসর প্রদর্শন করে। এর মধ্যে এক্সনস ৫৪২২ চিপটি ৮-কোরের এবং এক্সনস ৫২৬০ চিপে রয়েছে ৬টি সিপিইউ কোর। নতুন এই প্রসেসরগুলো কর্মদক্ষতায় অনেক এগিয়ে থাকলেও এগুলোর খরচ অনেক কম হবে বলে জানিয়েছে স্যামসাং। তবে এতসব প্রতিষ্ঠানের ভিড়ে এনভিডিয়া খানিকটা নিরবই ছিল এই প্রদর্শনীতে। তবে আরও কিছু প্রতিষ্ঠানের নতুন মোবাইল চিপের ঘোষণা এসেছে প্রদর্শনীতে। এর মধ্যে মিডিয়াটেক তাদের প্রথম ৬৪-বিট চিপ এবং অল উইনার ৩২-বিটের ৮ কোরের চিপের প্রদর্শন করেছে। বহুল প্রতীক্ষিত নকিয়া অ্যান্ড্রয়েড মোবাইল জায়ান্ট নকিয়া মাইক্রোসফটের কাছে বিক্রি হওয়ার আগেই চুক্তি হয় ওই মাইক্রোসফটের সাথেই। সেই অনুযায়ী স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েডের জয়জয়কার থাকলেও নকিয়া সীমাবদ্ধ ছিল উইন্ডোজ ফোনেই। তবে কয়েকমাস আগে থেকেই নকিয়ার অ্যান্ড্রয়েড ফোনের একটি গোপন পরিকল্পনার কথা প্রকাশ হয়ে পড়ে। এরপর এটি নিয়ে নকিয়ার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি কখনই। অবশেষে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এসে আনুষ্ঠানিকভাবে নকিয়া প্রকাশ করেছে তাদের অ্যান্ড্রয়েড ফোনের কথা। ‘নক্সিয়া এক্স’ সিরিজের নকিয়া এক্স, নকিয়া এক্সপ্লাস এবং নকিয়া এক্সএল নামের এই তিনটি অ্যান্ড্রয়েড ফোন সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। তবে অ্যান্ড্রয়েড ফোন হলেও নকিয়ার এসব স্মার্টফোনে থাকছে না বিল্ট-ইন গুগল প্লে-স্টোর, জিমেইল বা ইউটিউব। বরং নকিয়ার নিজস্ব অ্যাপ স্টোরের সাথে এই স্মার্টফোনগুলোতে বিল্ট-ইন থাকবে মাইক্রোসফটের ওয়ানড্রাইভ এবং স্কাইপের মতো সেবা। চলতি মার্চ মাসেই নকিয়া এক্স ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে। আর বাকি দুইটি স্মার্টফোন চলতি বছরের দ্বিতীয় চতুর্ভাগ নাগাদ বাজারে আসবে। ফোন তিনটির দাম রাখা হয়েছে যথাক্রমে ৯০ ইউরো, ১০০ ইউরো এবং ১১০ ইউরো। ফলে এগুলো হাতের নাগালেই থাকবে। হোয়াটসঅ্যাপ কিনল ফেসবুক সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এর আগেও ছোট-বড় নানা প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে। তবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপ কেনার ঘোষণা দিয়ে তারা তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। ইন্সট্যান্ট ম্যাসেজিং সার্ভিস হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠা হোয়াটসঅ্যাপকে তারা ১৯ বিলিয়ন ডলারে কিনে নেয়, যা প্রযুক্তি প্রতিষ্ঠানে কেনা-বেচার একটি রেকর্ডও বটে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মার্ক জুকারবার্গের সাথে সাথে হোয়াটসঅ্যাপের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জ্যান কোউম উপস্থিত ছিলেন। এক কি-নোট স্পিচে উভয়েই এই চুক্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং এই দুই সার্ভিসের সমন্বয় বিশ্ববাসীকে মুগ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ২৫ ডলারের স্মার্টফোন মজিলার সময়ের সাথে সাথে স্মার্টফোন ক্রমেই ক্রেতাসাধারণের নাগালের মধ্যে চলে আসছে। কয়েক বছর আগেও মোটামুটি ভালো স্মার্টফোনের গড় দাম আড়াইশ ডলারের বেশি থাকলেও এখন তা দেড়শ ডলারের কাছাকাছি চলে এসেছে। তবে স্বল্পমূল্যের স্মার্টফোন তৈরিতে এখন মনোযোগী হয়ে উঠেছেন অনেকেই। তাই বলে ২৫ ডলারেই একটা আস্ত স্মার্টফোন শুনতে অবাক করার মতো হলেও মাত্র ২৫ ডলারের স্মার্টফোন অবমুক্ত করে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সকলের নজর কেড়েছে মজিলা ফাউন্ডেশন। এর আগেই তাদের তৈরি ফায়ারবক্স ওএস দিয়ে ১০০ ডলারের চেয়ে কম মূল্যের কয়েকটি স্মার্টফোন বাজারে ছাড়ে তারা। তবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ৭টি নতুন স্মার্টফোনের সাথে সাথে মাত্র ২৫ ডলারের স্মার্টফোনও প্রদর্শন করে তারা। চলতি বছরেই বাজারে আসবে এই স্মার্টফোন। দামে কম হলেও এতে সাধারণ স্মার্টফোনের সব সুবিধাই উপভোগ করা যাবে বলে জানিয়েছে মজিলা। সনির পানিরোধী ডিভাইস সনি এর আগেই ওয়াটারপ্রুফ বা পানিরোধী স্মার্টফোন বাজারে এনেছে। ধারণা করা হচ্ছিল সনির পথ ধরে আরও অনেকেই এমন পানিরোধী স্মার্টফোন বা ট্যাবলেট বাজারে আনবে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের এবারের আয়োজনেও এমন কিছু ডিভাইসের প্রত্যাশা ছিল। তবে শেষ পর্যন্ত সনি ছাড়া অন্য কাউকে আর পাওয়া যায়নি এমন ডিভাইস নিয়ে হাজির হতে। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমে চালিত তাদের এক্সপেরিয়া সিরিজের নতুন স্মার্টফোন এক্সপেরিয়া জেড২-৩ হবে পানিরোধী। এ ছাড়া জেড ২ মডেলের ১০.১ ইঞ্চি আকৃতির সনির নতুন ট্যাবলেট পিসিও পানিরোধী হবে। নতুন এই ট্যাবলেট পিসিকে তারা বিশ্বের সবচেয়ে কম ওজেরন পানিরোধী ট্যাবলেট হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। অন্যদিকে এক্সপেরিয়া জেড২ স্মার্টফোনে যুক্ত করা হয়েছে ২০.৭ মেগাপিক্সেল ক্যামেরা। পানির নিচেও ছবি তুলতে এই স্মার্টফোন বাড়তি সুবিধা প্রদান করবে। নিরাপত্তা ফিচারে ভরসা এলজি’র মোবাইল ডিভাইসের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান শংকার কারণে অন্যান্য দিকের চেয়ে নিরাপত্তার দিকেই বেশ মনোযোগী হয়েছে এলজি। তাদের ‘নক অন’ সিকিউরিটি ফিচারের নতুন আপডেট নিয়ে এসেছে তারা। এর নাম দেওয়া হয়েছে ‘নক কোড’। নতুন এই সিকিউরিটি সিস্টেম স্মার্টফোনের নিরাপত্তা সুরক্ষিত রাখতে কেবল একটি পাসওয়ার্ডের উপর নির্ভরশীল নয়। এতে রয়েছে কয়েক ধাপের নিরাপত্তা ব্যবস্থা। স্যামাসংয়ের গ্যালাক্সি নোট সিরিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে এলজি’র নিয়ে আসা ‘জি প্রো ২’ ফ্যাবলেটের মাধ্যমে হাজির হবে এই বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। এর বাইরেও আরও কয়েকটি স্মার্টফোন এই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অবমুক্ত করেছে এলজি। এনএফসি’র যাত্রা গত কয়েকবছরে এনএফসি (নেয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তির প্রসার নিয়ে অনেক কথা হলেও এর বাস্তবায়ন তেমন একটা হয়নি। এবিআই রিসার্চ এর মধ্যে জানিয়েছে, আগামী ৫ বছরে মোবাইল ডিভাইসের মাধ্যমে প্রায় ৩৪ বিলিয়ন টিকিটি বিক্রি হবে। এরই কিছুটা চর্চা হয়ে গেল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেও। এবারের এই আয়োজনের আংশিক টিকিটি বিক্রি করা হয়েছে এনএফসি প্রযুক্তির ব্যবহার করেই। এতে সাফল্যও মিলেছে। ভবিষ্যতে এই প্রযুক্তির আরও ব্যবহার নিশ্চিত করতে জিএসএম অ্যাসোসিয়েশন কাজ করবে বলে জানিয়েছে।