ঝিনাইদহের দু’টি উপজেলায় জামায়াত সমর্থিত নবনির্বাচিত দু’ উপজেলা চেয়ারম্যান প্রকাশ্যে এখনও আসছেন না। তারা হচ্ছেন, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের উপজেলা আমির মোঃ তাজুল ইসলাম ও মহেশপুর উপজেলা চেয়ারম্যান ও আমির মোঃ আব্দুল হাই। কোটচাঁদপুর থানার ওসি মোঃ শাহাজাহান আলি জানান, গত বছরের ২৮ ফেব্রুয়ারি দেলওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত শিবির কোটচাঁদপুর শহরে তাণ্ডব শুরু করে। এ মামলায় মোঃ তাজুল ইসলামকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এছাড়াও ৫ জানুয়ারি মামুনশিয়া ভোট কেন্দ্র পোড়ানোসহ দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এক বছর তিনি আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইয়ের বিরুদ্ধে থানায় ৫টি মামলা আছে। মামলাগুলো হচ্ছে মহেশপুরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাংচুর করা, পুলিশের উপর হামলা চালিয়ে আহত ও সরকারি কাজে বাধাদান, হরতালকালে এক ইউপি চেয়ারম্যানকে মারপিট ও মোটরসাইকেল পোড়ানো এবং ভোট কেন্দ্রে আগুন দেয়া।
