দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শাহজালাল মিয়ার বিরুদ্ধে অর্থ আত্মস্যাত্, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ করেছেন এই ইউনিয়নের মেম্বারগণ। মালিগাঁও ইউনিয়নের মহিলা মেম্বার পারুল আক্তার, হাজেরা বেগম ও শাহিদা আক্তার এবং মফিজ মিয়া, নজরুল ইসলাম, জামাল উদ্দিন, গিয়াস উদ্দিন ও মোস্তফা মিয়া কুমিল্লার জেলা প্রশাসক বরাবরে চেয়ারম্যানের বিরুদ্ধে দরখাস্ত করেছেন। সোমবার দাউদকান্দির গৌরীপুরে এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, শাহজালাল চেয়ারম্যান ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি টাকা আত্মস্যাত্ করেছেন। এলজিএসপি এবং ওয়ান পার্সেন্টের পুরো টাকাই ভুয়া প্রকল্প দেখিয়ে আত্মস্যাত্ করেছেন। ওই টাকা আত্মস্যাত্ করতে গিয়ে তিনি যে প্রকল্প দেখিয়েছেন সেগুলোর কোন অস্তিত্বই নেই।
