সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১২
গত সোমবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতারা। সীতাকুণ্ডে দুই মোটর সাইকেল আরোহী নিহত সীতাকুন্ড পন্থিছিলা এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, গত সোমবার বিকাল সাড়ে ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পন্থিছিলা এলাকায় দ্রুতগামী সৌদিয়া যাত্রীবাহী বাস একটি মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে উপজেলার পন্থিছিলা মাষ্টার পাড়ার হাছু মিয়ার বাড়ির ইউছুফ এর পুত্র সাইদুল ইসলাম দিশান(২৬) নামে এক মোটর সাইকেল আরোহী মারা যায়। অপরজন সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের ফাহিম(২১)কে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। সিলেটে ট্রাক চাপায় যুবক নিহত সিলেট-তামাবিল সড়কে সোমবার সকালের দিকে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী ইমন আহমদ ইমন (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর আরেক আরোহী। নিহত ইমন সিলেট নগরীর ২৮/বি লোহারপাড়ার এহিয়া মিয়ার ছেলে। আহত খালেদ আহমদ মান্না (৩২) বালাগঞ্জ উপজেলার গহরপুর সুলতানপুরের শফিকুর রহমানের ছেলে। পাকুন্দিয়ায় কলেজ ছাত্র নিহত সোমবার বিকেলে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের বাহরামখানপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মো. হাবিবুল্লাহ (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে ঢাকার মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের মোনায়েম মিয়ার পুত্র। আক্কেলপুরে পিতা-পুত্রসহ ৩ মোটর সাইকেলের আরোহী নিহত জয়পুরহাটের আক্কেলপুরে চাল বেঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পিতা-পুত্রসহ একটি মোটর সাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আক্কেলপুর—জয়পুরহাট সড়কের গভরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা হচ্ছে, আক্কেলপুর উপজেলার দোলাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ কালাম হোসেন (৩০) ও তার পুত্র সাদ হোসেন (৫) এবং বগুড়ার সান্তাহার শহরের বাসিন্দা উজ্জল হোসেন (৩২)। সাতক্ষীরার গরু ব্যবসায়ী নিহত সাতক্ষীরা শহরের অদূরে লাবসা এলাকায় পলিটেকনিক কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা গরু ব্যবসায়ী নিহত হয়। নিহত গরু ব্যবসায়ীর নাম আব্দুল মোতালেব (৪০)। সে ময়মনসিংহ জেলার ভালুকা থানার তামায়েত গ্রামের লাল মাহমুদের ছেলে। সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গাইবান্ধায় বনভোজনের বাস উল্টে নিহত ২ গাইবান্ধা-বালাসি সড়কের জেলা শহরের অদূরে পুলবন্দি ফলিয়া নামক স্থানে গত সোমবার রাত সাড়ে ৯ টায় বনভোজনের বাস উল্টে দুইজন মাদ্রাসা শিক্ষার্থী নিহত ও অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। নিহতরা হচ্ছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের সুজা মিয়ার ছেলে রাফিক মিয়া (১৪) ও আহসান আলীর ছেলে হাসান মিয়া (১৪)। রাফিক ও হাসান যথাক্রমে ফুলছড়ি উপজেলার খবিরিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।