গত দু’দিনে দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নিহত হয়েছেন দশ জন। এ ব্যাপারে সংবাদ পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতারা।
দিনাজপুরে দেয়াল
চাপায় গৃহবধূ নিহত
গত সোমবার সকালে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের মোমিনুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩২) বাসায় কাজ করার সময় তার উপর দেয়াল ভেঙ্গে পড়ে। গুরুতর আহত অবস্থায় সাবিনাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুনামগঞ্জে ২ শিশুর মৃত্যু
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগা পাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ২শিশুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, সোমবার দুপুরে স্থানীয় আল-হেরা একাডেমীর স্ট্যান্ডার্ড ওয়ানের ছাত্রী জয়নাল আবেদীনের শিশু কন্যা তান্নি আক্তার (৬) ও পূর্ব পাগলা ইউনিয়নের নাজিমপুর গ্রামের মাসুক আলমের শিশু কন্যা সানজিদা আক্তার দীনা (৬) পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে।
রংপুরে চালককে হত্যা
করে অটো ছিনতাই
রংপুরে মিলন মিয়া (৩০) নামের এক অটোরিকশা চালকের ক্ষত-বিক্ষত লাশ। গত সোমবার সকালে মহানগরীর হাজিরহাটের বছির কোল্ড ষ্টোরেজের পিছন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী নুর নাহার বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নগরীর রেলস্টেশনের বাবুপাড়া লিচুবাগান এলাকার মিলন মিয়া রবিবার সকালে তার মহাজনের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেনি। সকালে মহানগরীর ওই কোল্ড ষ্টোরেজের পিছনে গিয়ে নিহতের স্ত্রী নুর নাহার বেগম লাশটি সনাক্ত করে। পুলিশ জানায়, রবিবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
সারিয়াকান্দিতে অজ্ঞাতনামা
যুবকের লাশ উদ্ধার
বগুড়ার সারিয়াকান্দিতে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পাচঁপীরতলা ব্রীজের নীচ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে । সকাল ৮টার দিকে ওই এলাকার লোকজন ব্রীজের নিকট খালে মাছ ধরতে গেলে লাশটি দেখতে পায়। লাশের পরনে টি-শার্ট ও জিন্সের প্যান্ট ছিল ।
বোদায় ষষ্ঠ শ্রেণীর
ছাত্রের লাশ উদ্ধার
পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের ইসলামপুর এলাকার ক্ষেত থেকে গতকাল মঙ্গলবার আবু হেনা নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের লাশ উদ্ধার করেছে বোদা পুলিশ। শিশুটি ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। গত সোমবার শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়। পুলিশের ধারণা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মোহনগঞ্জে গৃহবধূর
রহস্যজনক মৃত্যু
মোহনগঞ্জ উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের মাঘান গ্রামে মঙ্গলবার সকালে সাফিয়া (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ কেন্দ ীয় কারাগারের কারারক্ষী আবু হানিফ মাহমুদুল হকের স্ত্রী। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর অজ্ঞাত দুই ব্যক্তি মুমূর্ষু অবস্থায় তাকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর পর ওই ব্যক্তিদ্বয় উধাও হয়ে যায়।
রাজবাড়ীতে কৃষককে
হত্যার অভিযোগ
রাজবাড়ী কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে মিন্টু শেখ (৪১) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন, তার পিতা হাসমত শেখ।
গতকাল মঙ্গলবার অভিযোগকারী হাসমত শেখ বলেন, ১৫ বছর পূর্বে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের আরশাদ আলীর মেয়ে শাহানা বেগমকে মিন্টু বিয়ে করে শ্বশুরালয়ে চলে যায়। তার সংসারে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। শাহানা বিদেশে চলে যাবার চেষ্টা করে। এতে বাধা দেয়ায় মাঝে-মধ্যেই শাহানা ও তার পরিবারের সদস্যরা মিন্টুকে মারপিট করতো। গত রবিবার সকাল ৭ টার দিকে তারা মিন্টুকে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। মিন্টুর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সেনবাগে পুকুরে
ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের সায়েস্তানগর গ্রামে গত সোমবার দুপুরে পুকুরের পানিতে ডুবে নয়ন (৬) নামের এক শিশু মারা গেছে। নয়ন ওই গ্রামের রমজান আলী মেস্তুরী বাড়ির মোহাম্মদ রফিকুল ইসলামে মেয়ে।
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায়
বৃদ্ধের মৃত্যু
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রহিম ফকির নামের এক বৃদ্ধ সোমবার বিকালে গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার কটকস্থল গ্রামের আব্দুর রহিম ফকির (৬০) বাস থেকে নেমে সড়ক পারাপারের সময় নম্বরবিহীন মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই দিন রাত ৮টার দিকে সে মারা যান।
