কুষ্টিয়ায় গেজেটভুক্ত হয়নি মুক্তিযোদ্ধার নাম

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১৩
স্বাধীনতার ৪২ বছর পরও কুষ্টিয়ার এক মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত হয়নি। তার নাম সামসুদ্দিন আহমেদ। তিনি কুমারখালীর পান্টি গ্রামের মৃত আবদুল গনির ছেলে। সামসুদ্দিন তত্কালীন মুজিব বাহিনীর সনদধারী সদস্য। খোঁজ নিয়ে জানা যায়, সামসুদ্দিন যুদ্ধকালীন সময়ে ভারতের দেরাদুন জেলার চাকরাদা সাব-ডিভিশনের ট্রেনিং ক্যাম্পের ইনচার্জ বর্তমান সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর তত্ত্বাবধানে ৫০ দিনের প্রশিক্ষণ নেন। পরে যুদ্ধে অংশগ্রহণ করেন। ২০১১ সালের জুন মাসে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬ষ্ঠ সভায় তার নাম গেজেটভুক্ত করার সিদ্ধান্ত হয়। কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় ২০১৩ সালের জানুয়ারি মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। পত্রটির বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য তথ্যমন্ত্রী ইনু সুপারিশ করেন। তা সত্ত্বেও তার নাম গেজেটভুক্ত হয়নি। সামসুদ্দিন আহমেদ আক্ষেপ করে বলেন, যুদ্ধে অংশগ্রহণ করার পরও তার নাম গেজেটভুক্ত করা হয়নি। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।