বেড়ায় প্রতীক বরাদ্দ ছাড়াই মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণা

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১৪
২ মার্চ মনোনয়ন জমাদানের দিন হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা নির্বাচনে পাবনার বেড়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির একক প্রার্থী মনোনয়নে নেতা-কর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। নেতা-কর্মীরা চাচ্ছেন তৃণমূল ভোটের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী মনোনীত করতে। কিন্তু উপজেলা পর্যায়ের দলীয় নেতারা সমঝোতার মাধ্যমে প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া চালাচ্ছেন। ইতিপূর্বে কয়েকদফা আলোচনা বৈঠক করেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বলে উভয় দলীয় সূত্র থেকে জানা গেছে। এ উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যন প্রার্থী হওয়ার জন্য ৪ জন মাঠে-ময়দানে গণসংযোগ চালাচ্ছেন। এ ৪ জনের মধ্যে রয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মু্ক্তিযোদ্ধা আব্দুল কাদের, রূপপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও হুমায়ন চৌধরী। অপরদিকে বিএনপির ৫জন প্রার্থী হওয়ার জন্য মাঠে-ময়দানে গণসংযোগ চালাচ্ছেন।