সিলেট অফিস
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনে কোনো আইন বা বিধি আছে কি না— তা জানতে চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেছেন সুনামগঞ্জের সালেহীন চৌধুরী শুভ নামের এক উন্নয়নকর্মী। সোমবার দুপুরে তথ্য অধিকার বিধিমালার বিধি-৩ এর নির্ধারিত ফরম ‘ক’ পূরণ করে এই তথ্য জানতে চান সুনামগঞ্জ শহরের ষোলঘর ওয়াপদা রোডের বাসিন্দা সালেহীন চৌধুরী শুভ।
বিশেষ করে কালেক্টরেটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাগরিকরা কী বলে ডাকবেন, তা জানতে তথ্য চেয়েছেন সালেহীন। তিনি বলেন, সম্বোধন নিয়ে নাগরিকরা প্রায়ই সরকারি দপ্তরগুলোতে দুর্ব্যবহারের শিকার হন। ‘স্যার’ সম্বোধন না করলে, বিরক্ত হন কর্মকর্তারা। রাষ্ট্রের কর্মচারী হয়ে জনগণের সঙ্গে তারা কেন এমনটা করেন বোধগম্য হয় না। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমি তথ্য অধিকার আইনে জানতে চেয়েছি- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনে কোনো আইন বা বিধি আছে কি না? তিনি আবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা দিয়ে রিসিভ কপি এনেছেন। সালেহীন আবেদনের কপি নিজের ফেসবুকে আপলোড করলে ব্যাপক সাড়া পড়ে।
প্রসঙ্গত, গত ১২ মে সিলেটের ফেঞ্চুগঞ্জের ডাকবাংলোর সামনে মত্স্য ব্যবসায়ী লায়েক আহমদ সরকারী কর্মকর্তা সঞ্চিতা কর্মকারকে ‘স্যার’ সম্বোধন না করে ‘দিদি’ বলায় ক্ষিপ্ত হয়ে ওই কর্মকর্তা ব্যবসায়ীর মাছের ঝুড়ি লাথি দিয়ে ড্রেনে ফেলে দেন। এ ঘটনায় সৃষ্ট ক্ষোভ ও উত্তেজনা ঘটনার আট দিন পর ফেঞ্চুগঞ্জের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মধ্যস্থতায় নিষ্পত্তি হয় গত সোমবার।
