বরিশালে ছাত্রলীগ কর্মীরা এক ছাত্রকে ছাদ থেকে নিচে ফেলে দিল

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১৮
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মো. ইব্রাহীমকে (২০) নির্যাতনের পর ছাত্রাবাসের ৪ তলার ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে ছাত্রলীগ ! একই সময় তার সহপাঠী শিমুল আহমেদকেও (২১) তারা পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা দু’জনকে উদ্ধার করে শেরে-ই বাংলা চিকিত্সা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেছে। গত সোমবার রাতে এই পৈশাচিক ঘটনা ঘটে। ইব্রাহীমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা। দাবিকৃত চাঁদা না পেয়ে এ নির্যাতন করা হয় বলে জানিয়েছেন আহতদের সহপাঠীরা। সূত্র জানায়, রাত ১০টার দিকে কলেজের চিহ্নিত চার ছাত্রলীগ কর্মী লাঠিসোঁটা নিয়ে কলেজের প্রধান ছাত্রাবাসের ৪ তলার ৪০১ নং কক্ষে প্রবেশ করে ইব্রাহীমকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে ডেকে আনার জন্য ঐ কক্ষের আবাসিক ছাত্র শিমুলকে ফোন করতে বলে। শিমুল অপারগতা প্রকাশ করলে তাকে বেধড়ক মারধর করে মারাত্মক জখম করা হয়। নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে শিমুল বাধ্য হয়ে ইব্রাহীমকে ফোন করে কক্ষে নিয়ে আসে। এরপর দু’জনকে পুনরায় বেধড়ক পেটানো হয়। এক পর্যায়ে দু’জনকেই ছাদে নিয়ে নির্যাতন চালিয়ে হঠাত্ ইব্রাহীমকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়া হয়। চিকিত্সকরা জানান, ইব্রাহীমের বুকের খাঁচা ভেঙ্গে গেছে। সে শঙ্কামুক্ত নয়। তাকে ঢাকায় পাঠানো হতে পারে। ইব্রাহীম বরিশালের গৌরনদী উপজেলার আশুকাঠি গ্রামের হাতেম আলীর পুত্র ও ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের ৮ম সেমিষ্টারের ছাত্র। আহত অপর ছাত্র শিমুল রাজশাহী জেলার মনিরুল ইসলামের পুত্র । সে একই বিভাগের ৪র্থ সেমিষ্টারের ছাত্র। তারা দু’জনই ৪০১ নম্বর কক্ষের আবাসিক বাসিন্দা। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বরিশাল কোতয়ালী থানার ওসি। তবে কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত ইনস্টিটিউট কর্তৃপক্ষ বা আহতদের পক্ষ থেকে থানায় কোন মামলা হয়নি। এদিকে অপর একটি সূত্র দাবি করেছে, হামলাকারীরা ইনস্টিটিউটের নয়, বহিরাগত ছাত্রলীগ কর্মী। আহত ছাত্রদ্বয় শিবিরের রাজনীতির সাথে যুক্ত থাকায় তাদের উপর এ নির্দয় নির্যাতন চালানো হয়।