অবশেষে সিলেট সদর উপজেলায় বিএনপির একক প্রার্থী শামীম

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:৫২
সিলেট সদর উপজেলায় বিএনপির একক প্রার্থী ঘোষণা নিয়ে অনেক নাটকীয়তার পর সোমবার গভীর রাতে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের শামীমের নাম চূড়ান্ত করেছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে আবুল কাহের শামীমের সাক্ষাতের পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের একক প্রার্থী হিসাবে তার (কাহের শামীম) নাম ঘোষণা করেন। এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে তিন দিন ধরে চলা উত্তেজনার অবসান হলো। অপরদিকে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ মনোনয়নপত্র জমা দেন। আশফাক আহমদ অর্থমন্ত্রী আবুল মাল মুহিতেরও আস্থাভাজন লোক। এমতাবস্থায় বিএনপি এখানে একক প্রার্থী দিতে মরিয়া হয়ে উঠে। কিন্তু বিএনপির মনোনয়ন জমাদানকারী একাধিক প্রার্থী কেউ কাউকে ছাড় দিতে রাজি না থাকায় বিষয়টি বেগম জিয়া পর্যন্ত গড়ায়। বৈঠকে উপস্থিত সূত্র জানায়, বিএনপি চেয়ারপার্সন সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় চেয়ারপার্সনের বিজয় নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। দলীর প্রার্থীর বিরুদ্ধে কেউ বিদ্রোহী হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চেয়ারপার্সন। তবে, সমর্থন প্রত্যাশী অপর ৩ প্রার্থী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে উপস্থিত ছিলেন না। বৈঠকে উপস্থিত সিলেট জেলা ও মহানগর বিএনপির একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম জানান, বেগম খালেদা জিয়া সিলেট সদর উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে আবুল কাহের শামীমের প্রার্থিতা চূড়ান্ত করেছেন। সদর উপজেলায় বিএনপির চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-আবুল কাহের শামীম, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা বিএনপি‘র সভাপতি শাহ জামাল নূরুল হুদা ও সহ-সভাপতি শহীদ আহমদ চেয়ারম্যান। গত শনিবার থেকে এ চারজনের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতারা ঢাকায় দফায় দফায় বৈঠক করেন কিন্তু সমাধানে আসতে পারেননি। আগামী ৩১ মার্চ সদর উপজেলা নির্বাচন। এখানে নির্বাচন হবে খুবই প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ।