পুলিশকে দায়ী করেছে পুলিশ তদন্ত টিম

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:৫২
ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে আসামি ছিনতাই (জঙ্গি) ঘটনায় পুলিশ সদর দফতরের গঠিত তদন্ত টিম গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রিপোর্ট জমা দিয়েছে। পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকারের কাছে এ রিপোর্ট পেশ করেন তদন্ত কমিটির প্রধান সিআইডির ডিআইজি সাইফুল ইসলাম। সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, একই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় গঠিত টিমের মতই দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে গাজীপুর জেলার পুলিশ সুপার আব্দুল বাতেনসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। কারা কর্তৃপক্ষ প্রিজন ভ্যানের নিরাপত্তার ব্যাপারে জেলা পুলিশ সুপারকে অবহিত করেছিল। কিন্তু পুলিশ সুপার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেননি। পাশাপাশি প্রিজন ভ্যানের চালকের ভূমিকাও রহস্যজনক বলে উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটি ঘটনা থেকে উত্তরণের জন্য প্রিজন ভ্যানের বাইরে আলাদা গাড়িতে পুলিশের স্কটটিমসহ বেশকিছু সুপারিশ করেছে। যে সুপারিশগুলো বাস্তবায়ন করা গেলে অনুরূপ ঘটনা রোধ করা সম্ভব। ঘটনার দিন ২৩ ফেব্রুয়ারি ঘটনাতদন্তে পুলিশ সদর দফতর এ তদন্ত কমিটি গঠন করে। কমিটির অপর সদস্যরা হলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। এর আগে গত রবিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয় গঠিত তদন্ত টিম রিপোর্ট পেশ করেন। ঐ রিপোর্টেও পুলিশ সুপার ও কারাগারের কতিপয় সদস্যের বিরুদ্ধে উদাসিনতাসহ বেশ বিছু অভিযোগ আনা হয়।