আদালতকে আরো উদার হওয়ার আহ্বান এলআরএফের

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:৫৩
আদালতকে আরো সহনশীল ও উদার হওয়ার আহবান জানিয়েছে ল’ রিপোটার্স ফোরাম (এলআরএফ)। দৈনিক প্রথম আলোর সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার রুলের পরিপ্রেক্ষিতে এলআরএফের সভাপতি সালেহউদ্দিন ও সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ হিরণ সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে এ আহবান জানান। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সাংবাদিক সমাজ বিচার বিভাগের স্বাধীনতার জন্য সর্বদা সোচ্চার থেকেছে। আদালতের মর্যাদার প্রতিও তারা বরাবর শ্রদ্ধাশীল। একইভাবে সাংবাদিকদের মর্যাদা ও স্বাধীনতার প্রতি আদালতও সচেতন থাকবে বলে আমাদের প্রত্যাশা। আমরা লক্ষ্য করেছি, কোন কোন আইনজীবী সংশ্লিষ্ট আদালতে বলেছেন, সাংবাদিকদের হাইকোর্টে এনে সারাদিন দাঁড় করিয়ে রাখতে হবে। আমরা মনে করি এটি একটি ঔপনিবেশিক মানসিকতা এবং অন্য কোন ক্রোধের ফল। তাদের এটা মনে রাখা উচিত বিচারের মর্মবাণী কাউকে হেয় বা অসম্মান করা নয়। সাংবাদিকদের কোন লেখায় ভুল বা ভ্রান্তি থাকতে পারে। আদালত তার অভিজ্ঞ রায় ও নির্দেশনা দিয়ে ভুল সংশোধনের সুযোগ করে দেবে এলআরএফ সেটাই প্রত্যাশা করে।