নূরের গাড়ি বহরে হামলা

নিখোঁজ অপর আসামি মহিদুলের লাশ মিলেছে বগুড়ায়

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২৩:১১
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা মামলায় নিখোঁজ অপর আসামি মহিদুলের লাশ মিলেছে বগুড়ায়। অজ্ঞাত হিসেবে দাফনের একমাস তিনদিন পর ছবি দেখে শনাক্ত করা হলো শিবির নেতা মহিদুলকে। গতকাল মঙ্গলবার নীলফামারী সদর থানায় পাঠানো ছবি দেখে মহিদুলের লাশ শনাক্ত করে তার পরিবারের সদস্যরা। গত ১ ফেব্রুয়ারি বগুড়ায় আঞ্জুমান মফিদুল ইসলাম অজ্ঞাতনামা হিসেবে মহিদুলের লাশ দাফন করে। উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর নীলফামারীর সদর উপজেলার রামগঞ্জহাটের কাছে এমপি আসাদুজ্জামান নূরের (বর্তমানে সংস্কৃতি মন্ত্রী) গাড়িবহরে হামলায় দলীয় নেতা-কর্মীসহ ৫ জন নিহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলার নয় নম্বর আসামি ছিলেন সুখধন গ্রামের আনোয়ার হোসেনের পুত্র রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ছাত্র শিবির কর্মী মহিদুল ইসলাম (২৫)। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, গত ১৩ জানুয়ারি রাতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা টাঙ্গাইল জেলার দেবিডুবা গ্রামে তাদের নিকটাত্মীয় বাবুল খানের বাড়ি থেকে মহিদুলসহ অপর আসামি আতিককে আটক করে। তবে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী তাকে আটকের কথা স্বীকার করেনি। পর পর ওই মামলার দুই আসামি অজ্ঞাত আততায়ীর হাতে নিহত হওয়ায় নিখোঁজ মোহিদুলের জীবন নিয়ে সংশয়ে ছিল তার পরিবার।