কবে আমাকে দেখে নেবেন বলুন, আমরা প্রস্তুত আছি

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২৩:১১
‘আন্দোলনের নামে এবার যারা সন্ত্রাস করবে, তাদের ধরে হাত-পা ভেঙ্গে দেবেন’- গত রবিবার রাজধানীর তেজগাঁও থানা আওয়ামী লীগের সম্মেলনে দেয়া এই বক্তব্য সম্পর্কে বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া জানানো হয়েছে, সেটির জবাবে শেখ ফজলুল করিম সেলিম গতকাল সংসদে বলেছেন, ‘আমাকে হুমকি দিয়ে বলেছেন-দেখে নেবেন, কবে কখন কোথায় দেখে নেবেন? বলুন। আমরা প্রস্তুত আছি।’ মাগরিবের নামাজের বিরতির পর প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিম নিজের সেদিনের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, আমার একটি বক্তব্য নিয়ে বিএনপির দুই নেতা আমার সম্পর্কে কটূক্তি করেছেন, কাল্পনিক কথা বলেছেন। এমনকি আমাকে হুমকিও দেয়া হয়েছে। আমার বক্তব্য ছিল স্পষ্ট, সন্ত্রাস, জঙ্গিবাদ, যারা বোমা মেরে মানুষ হত্যা করে, যারা পুলিশ মারে, তাদের বিরুদ্ধে। কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে আমার বক্তব্য ছিল না। কথায় বলে, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’। দেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়া পর থেকে এখন পর্যন্ত তারা (বিএনপি) সন্ত্রাস ও জঙ্গিবাদের পক্ষ নিয়ে দেশে সন্ত্রাস চালাচ্ছে। পেট্টোল বোমা মেরে মানুষ মারছে, পুলিশ হত্যা করছে, সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়েছে। বিএনপির প্রতিক্রিয়াতে এটাই প্রমাণ হয়, এসব সন্ত্রাসী কাজের সঙ্গে তারা জড়িত ছিল। বিএনপির যেসব নেতা অসত্য বক্তব্য দিয়ে তার চরিত্র হরণ করেছে, তাদের বিষয়ে এবং যুদ্ধাপরাধের বিচার শুরুর পর থেকে এ পর্যন্ত সংঘটিত সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে বিএনপি জড়িত কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি আহ্বান জানান শেখ ফজলুল করিম সেলিম। অন্যদিকে শেখ সেলিমের বক্তব্যে বিএনপির গাত্রদাহ কেন হলো, তা তদন্ত করে দলটির ওইসব নেতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফও স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি আহ্বান জানান।