বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির লড়াই ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এ লড়াই ভোটের অধিকার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াই। হতাশ হলে চলবে না। হতাশাই শেষ কথা নয়, প্রতি রজনীর পরেই নতুন সূর্য উদয় হয়।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে কবি মাহমুদুল হাসান নিজামীর ‘আমার বিচার চাই’ কাব্যগ্রন্থের প্রকাশনা উত্সব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে, যার প্রমাণ ৫ জানুয়ারি নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট দিতে কেউ যায়নি। উপজেলা নির্বাচনে সরকারের প্রার্থীদের একের পরে এক পরাজিত করে এ দেশের জনগণ। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। দেশকে রক্ষা করতে হবে।
আলোচনা সভায় হুমায়ুন বেপারীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, লেখক সাদেক খান প্রমুখ।
