লাখো মুসল্লীর পদভারে মুখরিত হয়ে উঠেছে চরমোনাই দরবার শরীফ। ‘লা ই-লাহা ইল্লাআল্লাহ’ জিকিরের ধ্বনি তুলে লাখ লাখ মুসল্লি চরমোনাইতে জড়ো হয়েছেন। চরমোনাইর আমিরুল মুজাহিদীন পীর সাহেব মাওলানা সৈয়দ মোঃ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে আজ বুধবার তিনদিনব্যাপী বাত্সরিক ওয়াজ মাহফিল শুরু হবে। শনিবার সকাল ৮টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় সমাবেশ সমাপ্ত হবে।
মাহফিলে প্রতিদিন ফজর ও মাগরিবের পর পীরসাহেব ৫টি ও মুফতি সৈয়দ ফয়জুল করিম দু’টি বয়ান করবেন। দেশ-বিদেশের ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও চরমোনাইর খলিফাগণ বিভিন্ন বিষয়ের উপর ওয়াজ নছিয়ত করবেন। মাহফিলের নিরাপত্তার দায়িত্বে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশ দায়িত্ব পালন করবে। মুসল্লিদের জন্য অস্থায়ী হাসপাতাল হয়েছে। দেশের বিভিন্ন স্থান ছাড়াও বিশ্বের ২০টি দেশ থেকে মুসল্লিরা এ মাহফিলে অংশগ্রহণ করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার বরিশাল লঞ্চঘাটে মাহফিলে যোগ দিতে আসা লাখো মুসল্লির ঢল নামে। সকাল থেকে দেশের বিভিন্নস্থান থেকে বাসযোগে বরিশালে আসা মুসল্লিরা লঞ্চ ও ট্রলারযোগে চরমোনাই’র উদ্দেশ্যে যাচ্ছেন।
