গতকাল মঙ্গলবার হাইকোর্টে রিট শুনানিতে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ আবু সাঈদ আজাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
২৯ মার্চ অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সখীপুর বোয়ালী কলেজের অধ্যক্ষ আবু সাঈদ আজাদের হলফনামায় স্বাক্ষর না থাকায় রিটার্নিং অফিসার সৈয়দ মো. খুরশিদ আনোয়ার তা বাতিল ঘোষণা করেন। এর বিরুদ্ধে আবু সাঈদ প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপিল করেন। আপিল শুনানিতে তার আবেদন নামঞ্জুর করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীব উদ্দিন আহমদ রিটার্নিং অফিসারের রায় বহাল রাখেন। এর বিরুদ্ধে গত ২ মার্চ আবু সাঈদ আজাদ হাইকোর্টের আপিল বিভাগে রিট করেন। গতকাল মঙ্গলবার দুপুরে হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির যৌথ বেঞ্চ রিট শুনানি শেষে আবু সাঈদ আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তার নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন।
