আসছে মাইক্রোসফটের ভয়েস অ্যাসিস্ট্যান্ট কর্টানা

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২০:১০
ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশন হিসেবে অ্যাপল সিরি যথেষ্টই জনপ্রিয়তা পেয়েছে। আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীদের জন্য সার্চ করা, টাস্ক যোগ করাসহ নানা কাজেই সহায়তা দিয়ে থাকে সিরি। মাইক্রোসফট এবারে সিরি অ্যাপ্লিকেশনের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিয়ে আসছে ‘কর্টানা’। উইন্ডোজ ফোন ৮.১-এ বিল্ট-ইন অ্যাপ্লিকেশন হিসেবে থাকবে এই কর্টানা। উইন্ডোজ ফোন ৮.১-এ মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করলেই ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে চলে আসবে কর্টানা। একে গড়ে তোলা হয়েছে মাইক্রোসফটের এক্সবক্স গেম হালো’র চরিত্র কর্টানার আদলে। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কর্টানা উইন্ডোজ ফোন ব্যবহারকারীর বিভিন্ন তথ্য এবং অভ্যাস থেকে শিখতে পারবে এবং নিজে নিজেই ওই ব্যবহারকারীর সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। এতে করে উইন্ডোজ ফোন ব্যবহারকারী তার নানা ধরনের কাজের জন্যই নির্ভর করার সুযোগ পাবে কর্টানার উপর। বিং সার্চ ইঞ্জিন এবং লোকেশন শেয়ারিং সার্ভিস ফোরস্কয়ারের তথ্য বিশ্লেষণ করে ‘গুগল নাউ’য়ের মতো সেবাও প্রদান করবে কর্টানা। অনেকদিন থেকেই মাইক্রোসফটের এমন একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট নিয়ে গুঞ্জন থাকলেও এবারে কর্টানার বিভিন্ন ফিচার নিয়ে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। আর এই ভিডিওতেই উঠে এসেছে কর্টানার পারঙ্গমতা। ভিডিওতে দেখানো হয়েছে, কর্টানা শুরুতেই উইন্ডোজ ফোন ব্যবহারকারীর বিভিন্ন পছন্দ-অপছন্দ, ডাক নাম, অবসরে পছন্দের কাজ প্রভৃতি তথ্য জেনে নেয়। গ্রাহকের নির্দেশমতো কাজ করতে যাতে কর্টানার সুবিধা হয়, এর জন্য কিছু প্রশ্নোত্তরের পালাও শুরুতেই সেরে নেয় এই সার্ভিস। এসব তথ্য কর্টানার অভ্যন্তরে একটি ‘নোটবুকে’ সংরক্ষিত থাকে। উইন্ডোজ ফোন ৮.১-এর অবমুক্তির সাথে সাথেই বিশেষ আকর্ষণ হিসেবে হাজির হবে কর্টানা। ধারণা করা হচ্ছে চলতি মার্চ মাসের শেষের দিকে কিংবা এপ্রিলের শুরুতেই উইন্ডোজ ৮.১ ফোনগুলো বাজারে আসবে। তবে উইন্ডোজ ফোনের বাইরে মাইক্রোসফটের অন্যান্য পণ্যের সাথে কর্টানা কবে নাগাদ হাজির হবে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মাইক্রোসফট আশাবাদী, কৃত্রিম বুদ্ধিমত্তায় সমৃদ্ধ কর্টানা তার বিভিন্ন ফিচার দিয়ে উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের মুগ্ধ করতে সমর্থ হবে।