রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্ক পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত ৪ মার্চ এ সফটওয়্যার পার্ক পরিদর্শনকালে বাংলাদেশ হাইটেক পার্ক কতৃপক্ষ নামের পরিত্যক্ত কক্ষে ৫০ লক্ষ টাকার ভিডিও কনফারেন্সের যন্ত্র পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বর্তমানে ভবনটির বেজমেন্টে থাকা কারওয়ান বাজারের মালামাল গোডাউনটি সঙ্গে সঙ্গে উচ্ছেদের নির্দেশ দেন। ভবনটির তিন তলায় বর্তমানে কয়েকটি অফিস তাদের কার্যক্রম চালাচ্ছে। তবে জনতা টাওয়ারের ভবনটি বাইরে থেকে দেখলে বুঝার উপায় নেই যে ভিতরে কোনো প্রতিষ্ঠান তাদের কাজ করছে। এমন পরিস্থিতি পরিদর্শন করে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন, যত দ্রুতসম্ভব এই ভবনটিকে পূর্ণাঙ্গ সফটওয়্যার পার্ক হিসেবে গড়ে তোলা হবে। সফওয়্যার পার্ক পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাংলাদেশ আইসিটি জানালিস্ট ফোরামের (বিআইজেএফ) স্থায়ী নিজস্ব কার্যালয়ের কার্যক্রম অনতিবিলম্বে এই ভবনে শুরু করার আহ্বান জানান।
