ইরানে আরো অবরোধের আহ্বান নেতানিয়াহুর

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২০:৫৫
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অবিশ্বাসের কথা পুনরায় ব্যক্ত করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাছাড়া এই ইসলামি প্রজাতন্ত্রের ওপর আরো বেশি করে চাপ প্রয়োগ করারও আহ্বান জানান তিনি। গত মঙ্গলবার ইসরাইলপন্থি আমেরিকান ইসরাইল পাবলিক এফেয়ার্স কমিটির (এআইপিএসি ) বার্ষিক নীতি-নির্ধারণী সম্মেলনে তিনি এসব কথা বলেন। —খবর সিনহুয়ার। নেতানিয়াহু বলেন, বেশি বেশি চাপ তৈরির মাধ্যমে দেশটিকে তার পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি থেকে নিবৃত্ত করা যাবে। সেক্ষেত্রে দেশটির ওপর অবরোধ দেয়ার পরিমাণ বাড়াতে হবে। তিনি বলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া অব্যাহত রেখে ‘মারাত্মক ভুল’ করবে। গত নভেম্বরে ইরান একটি অন্তর্বর্তী চুক্তি সই করে। এতে বেশকিছু পরমাণু কার্যক্রম বন্ধ করতে সম্মত হয় দেশটি। এছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে আন্তর্জাতিকভাবে অনুসন্ধানের জন্য দেশটিতে প্রবেশের অনুমতি দেয় ইরান। তবে এ চুক্তির বিষয়ে সন্দেহ পোষণ করেছে ইসরাইল। তারা একে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তির লক্ষ্যে তেহরানের ষড়যন্ত্র বলে অভিহিত করেছে এবং পরমাণু কার্যক্রম পুরোপুরি ছেড়ে দেবে না বলেও বিশ্বাস করে তেলআবিব। এ চুক্তিকে ‘ঐতিহাসিক ভুল’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে এআইপিএসি সম্মেলনে তার দেশকে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে সরাসরি আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। ইসরাইলি প্রেসিডেন্ট আরো বলেন, এ অঞ্চলে শতাব্দীব্যাপী সহিংসতা ও রক্তপাত বন্ধে একটি ‘ঐতিহাসিক শান্তি’ আলোচনায় বসতে প্রস্তুত আছেন তিনি। তবে সেটি কার্যকর হবে তার দেশকে ইহুদি রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিদের গ্রহণযোগ্যতা নিশ্চিত হওয়ার পর। আগামী এপ্রিল মাসে ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।