চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) হাজার কোটি টাকার প্রকল্পসমূহ গতকাল বুধবার পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় তিনি চট্টগ্রামে বহুল প্রত্যাশিত আউটার রিং রোড প্রকল্পের কাজ আগামী মাসে শুরু হবে বলে সাংবাদিকদের জানান। আউটার রিং রোড নির্মাণের ফলে নগরীতে যানজট নিরসনের পাশাপাশি শিল্পায়ন ও পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
মন্ত্রী আরো বলেন, সরকার চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র উপকূলীয় এলাকায় করাচি ও দুবাই শহরের আদলে একটি উপশহর গড়ে তোলার পরিকল্পনা করছে। আউটার রিং রোডের কাজ শেষ হলে উপশহরের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। এছাড়া চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত সেতু পর্যন্ত ১৮ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের কাজ শুরুরও আশ্বাস দেন মন্ত্রী। নগরীর আগ্রাবাদ এলাকায় জাম্বুরি মাঠ পরিদর্শনকালে মন্ত্রী সেখানে কোনো ধরনের স্থাপত্য নির্মাণ ছাড়া কৃত্রিম হ্রদসহ একটি সবুজ পার্ক গড়ে তোলার জন্য গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন। নগরীর ডিসি হিলের নজরুল স্কয়ার পরিদর্শনের সময় সেখানকার বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওয়াকওয়ে নির্মাণসহ নান্দনিক সৌন্দর্য বাড়ানোর নির্দেশনা দেন মন্ত্রী।
উল্লেখ্য, বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম নগরীর উন্নয়নে সরকার গত ৫ বছরে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজের হাতে নেয়ার অঙ্গীকার করেন। তারই প্রেক্ষিতে চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়। সিডিএ’র মাধ্যমে নগরীর অবকাঠামো উন্নয়নে হাজার কোটি টাকার বেশি বরাদ্দ দেয়া হয়।
সিডিএ’র পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, ৫ বছরে সিডিএ কর্তৃক ২৫টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। তাছাড়া ৬টি প্রকল্প সমাপ্তির পর্যায়ে এবং ৪টি প্রকল্প চলমান রয়েছে। এছাড়া আরো ১২টি প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সিডিএ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মধ্যে রয়েছে বহদ্দারহাট ফ্লাইওভার। প্রায় ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি সিডিএ’র নিজস্ব অর্থায়নে ও সেনাবাহিনীর তদারকিতে বাস্তবায়ন করা হয়। বাস্তবায়নের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। সিডিএ ইতিমধ্যে দেওয়ানহাট এলাকায় একটি ওভারপাসও নির্মাণ করেছে। সিডিএ কর্তৃক কদমতলী ফ্লাইওভারের নির্মাণ কাজও সমাপ্তি পর্যায়ে রয়েছে।
সিডিএ চেয়ারম্যান আবদুস ছালাম ইত্তেফাককে বলেন, চট্টগ্রাম এখন উন্নয়নের মহাসড়কে উঠেছে। তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে চট্টগ্রাম ৫০ বছর এগিয়ে যাবে।
