আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের মুমিনুল হক সৌরভের। বাঁ-হাতি এই ব্যাটসম্যান এগিয়েছেন ১১ ধাপ। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ ও ১২ রানের ইনিংস খেলেন তিনি।
৬০৮ রেটিং নিয়ে ২৪তম স্থানে রয়েছেন তিনি। বাংলাদেশের মধ্যে র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে আছেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। চট্টগ্রাম টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ৪ ও ১৯ করেন তিনি। ফলে র্যাংকিংয়ে কোনো উন্নতি হয়নি তার। ৬১১ রেটিং নিয়ে ২১তম স্থানে রয়েছেন মুশি।
৬০৩ রেটিং নিয়ে ২৮তম স্থানে রয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। শীর্ষ ১০০ জনের মধ্যে বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যান হলেন-তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।
ইংল্যান্ডের ডানহাতি পেসার জেমস অ্যান্ডারসনকে হটিয়ে আইসিসি টেস্ট বোলিং র্যাংকিংয়ে শীর্ষস্থান দখলে নিলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ৮৮২ রেটিং নিয়ে শীর্ষে উঠে এসেছেন ডানহাতি এই পেসার। ৮৭৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অ্যান্ডারসন।
সদ্যই শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে জ্বলে উঠতে পারেননি অ্যান্ডারসন। প্রথম দু’টেস্টের চার ইনিংসে মাত্র এক উইকেট শিকার করেছেন তিনি। তৃতীয় টেস্টে খেলতেই পারেননি তিনি। ফলে পুরো সিরিজে পারফরমেন্সের বিচারে র্যাংকিংয়ে অবনতি হয় অ্যান্ডারসনের।
এই সুযোগে আবারো শীর্ষে উঠেন রাবাদা। গত জুলাইয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন রাবাদা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ৮৮২ রেটিং নিয়ে শীর্ষে উঠেন তিনি। এরপর আগস্টে লর্ডসে ভারতের বিপক্ষে ম্যাচে ৪৩ রানে ৯ উইকেট নিয়ে রাবাদাকে সরিয়ে শীর্ষস্থান দখলে নেন অ্যান্ডারসন। কিন্তু সামপ্রতিক খারাপ পারফরমেন্সের কারণে রাবাদার কাছে শীর্ষস্থান হারাতে হলো অ্যান্ডারসনকে। আবারো শীর্ষস্থান ফিরে পেয়ে রাবাদা বলেন, ‘বিশ্বের সেরা বোলারের মর্যাদা পেলে সবারই ভালো লাগে। আমারও ব্যতিক্রম নয়। এই মর্যাদা ধরে রাখার চেষ্টা করব।’
র্যাংকিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহর। নিউজিল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্টে ১৪ উইকেট শিকার করেন তিনি। ফলে সেরা দশে চলে এসেছেন তিনি। ৭৫২ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছেন এই স্পিনার।
