সেতুটির প্রায় ৯৯ শতাংশ কাজ শেষ। আর খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে নাটোরের সিংড়ায় “সিংড়া-আত্রাই” সেতু। সেতুটি উদ্বোধন করা হলে দুর্ভোগ কমবে এ অঞ্চলের লাখো মানুষের । সেই সঙ্গে সিংড়া উপজেলার সাথে আত্রাই উপজেলার সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হবে। এমনকি নাটোর জেলার সাথে নওগাঁ জেলার সংযোগ আরো সচল হবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন থেকে অত্র এলাকা অবহেলিত ছিল। একটি সেতুর জন্য দুর্ভোগ পোহাতে হয়েছে সবাইকে। পায়ে হেঁটে ছাত্র/ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য পথ পাড়ি দিতে হয়েছে। সহজে কৃষিপণ্য বাজারজাত করা থেকে বঞ্চিত হওয়ায় লোকসান গুণতে হয়েছে অনেক কৃষককে। এ অঞ্চলের লাখো মানুষের প্রাণের দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য বর্তমান ডাক টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঐকান্তিক প্রচেষ্টায় সেতুটি বাস্তবায়ন হতে চলেছে। সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি ২০১২ বিগত সরকারের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ৫ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ৯২.৯৭ মিটার দীর্ঘ পিসি গার্ডার সিংড়া-আত্রাই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচিত করেন। সড়ক ও জনপদ অধিদপ্তর, সড়ক বিভাগ নাটোরের প্রকৌশলী বাদেস আলী বলেন, খুব তাড়াতাড়ি সেতুটি উদ্বোধন করা হবে বলে তিনি আশাবাদী।
