সদ্যসমাপ্ত মহেশখালী উপজেলা নির্বাচনে কোন দলীয় প্রার্থী বিজয়ের মুখ দেখেনি। যদিও চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ উপজেলায় দেশের চারটি প্রধান দল আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি তাদের একক দলীয় প্রার্থী ঘোষণা করে। এমনকি এ নির্বাচনে চেয়ারম্যান পদে কোন দলীয় প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীও ছিল না। দলের শীর্ষ নেতাদের ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টদের ধারণা। এতে নীতি-নির্ধারণী নেতাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। জানা যায়, চেয়ারম্যান পদে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, পৌর বিএনপি সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, জামায়াত নেতা জাবের আহমদ চৌধুরী ও জাপা নেতা নাজেমউদ্দিনকে দলীয় একক প্রার্থী ঘোষণা করা হয়। তবে দলীয় প্রার্থীরা ভোটারদের মন জয় করতে পারেননি। ফলে তাদের অবস্থান ছিল সবচেয়ে নিচে। যদিও মোটামুটি ভাল ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন বিএনপি প্রার্থী আবু বকর ছিদ্দিক। আওয়ামী লীগ প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর অবস্থানও ছিল লজ্জাজনক। তিনি মাত্র ৬৩৭৪ ভোট পান। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হোছাইন ৩৬,৩৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী হাবিবউল্লাহ পান ৩০৭৮১ ভোট। এতে প্রমাণিত হয় এ উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের হাইকমান্ড যথাযথ প্রার্থী বাছাইয়ে ভুল করায় তাদের প্রার্থী বিজয়ী হতে পারেননি।
