চাঁদপুরের হাজীগঞ্জে অগোছালো আওয়ামী লীগের বিপরীতে নির্বাচনী মাঠে নেমেছে গোছালো বিএনপি তথা ১৯ দল। এখানে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে জামায়াতও সমানে প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী এককভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হয়ে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব আ. রশিদ মজুমদার। তার প্রতীক আনারস। তিনি তৃণমূলের ভোটে নির্বাচিত হয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এই কোরামে দলীয়ভাবে ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক বাল্ব প্রতীকে নির্বাচন করছেন সত্যব্রত ভদ্র মিঠুন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পারভীন ইসলাম। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিটু চশমা প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে মাঠে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে এখনো দুইজন নির্বাচনী মাঠে রয়েছেন। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন তৃণমূলের প্রতি আস্থা রেখে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এদিকে বিএনপি অনেক গোছালোভাবে মাঠে কাজ করছে। এরা জোটগতভাবেও একক প্রার্থী ঘোষণা দিয়েছেন। এতে ১৯ দলীয় জোট থেকে চেয়ারম্যান পদে কেন্দ্রীয় ওলামাদলের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার (দোয়াত-কলম), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন পরান মজুমদার (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা দলের সভানেত্রী রাবেয়া আক্তারকে (প্রজাপতি) সমর্থন দেয়া হয়েছে। বর্তমানে ১৯ দলীয় জোটের এই ৩ প্রার্থী একত্রে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় নিয়ে গণসংযোগ করে যাচ্ছেন আর তাদের সাথে থাকছে স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।
এদিকে জোটের শরীকদের খুশি রাখতে বিএনপি তাদের অনেক ত্যাগী নেতাদের বলি দিয়েছে। চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রহমান মজুমদার, জাহাঙ্গীর আলম খান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ নাফের শাহ, নাদিম উল্লা নাদিমসহ আরো কজনকে দলের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়। আর ভাইস চেয়ারম্যান পদটি জোটের শরীক জামায়াতকে দেয়া হয়। হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি রয়েছে। এই কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান বিপুল। তিনি এই নির্বাচনে জাতীয় পার্টি থেকে ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। আর একই পার্টি থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিউলী আক্তার ফুটবল প্রতীকে গণসংযোগে ব্যস্ত দিন কাটাচ্ছেন।
জাতীয় পার্টির একাধিক নেতা-কর্মীরা আক্ষেপ করে জানান, তারা নির্বাচনে আওয়ামী লীগকে চেয়ারম্যান পদে সমর্থন দিচ্ছেন না। দলটির নেতা-কর্মীরা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে মাঠে কাজ করছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগ থেকে তাদের ডাকা হয়নি।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান বিপুল বলেন, আমরা বাস্তবে দেখতে চাই আমাদের (জাতীয় পার্টির) কি পরিমাণ ভোট হাজীগঞ্জে রয়েছে। তাই আমরা এবার এককভাবে নির্বাচনে যাচ্ছি।
এছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হয়েছেন হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আলমগীর কবির পাটওয়ারী (কাপ-পিরিজ) মার্কায় উপজেলার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ ও ভোট প্রার্থনা করে যাচ্ছেন।
