সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২১:৪৪
ভাঙ্গা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মনিরুল হক মোল্লা। ২০১৪-১৬ দ্বি-বার্ষিক মেয়াদে প্রেসক্লাবের সদস্যগণ হলেন- সভাপতি হাজী আঃ মান্নান (যুগান্তর) ও সাধারণ সম্পাদক মোঃ রমজান সিকদার (ইত্তেফাক) এবং সাংগঠনিক সম্পাদক রাহাত বেগ (আমার দেশ)। এছাড়া অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হাজী সাঈফুল্লাহ শামীম, আওলাদ হোসেন, মনি মোল্লা, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, খালেদুর রহমান, মোঃ জাহিদ সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাস, কোষাধ্যক্ষ সম্পাদক সৈয়দ মাহফুজুল হক নবাবজাদা প্রমুখ। সাতক্ষীরায় নাশকতা পরিকল্পনার দায়ে শিবির নেতার জেল সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরার কালিগঞ্জে নাশকতা সৃষ্টির পরিকল্পনার দায়ে মাসুদ রানা (২৪) নামে এক শিবির নেতাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন। সাজাপ্রাপ্ত মাসুদ রানা কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ও বিষ্ণপুর গ্রামের নুর হোসেনের ছেলে বলে জানা গেছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান তাকে সাজা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গোপালগঞ্জে সংগীত প্রতিভা অন্বেষণ শুরু গোপালগঞ্জ প্রতিনিধি \ সুপ্ত সংগীত প্রতিভা বিকাশে গোপালগঞ্জে শুরু হতে যাচ্ছে “বোটানিক এ্যারোমা গোপালগঞ্জ সেরা কণ্ঠ” প্রতিযোগিতা। গত মঙ্গলবার গোপালগঞ্জ প্রেসক্লাবে প্রতিযোগিতার আয়োজক সংস্থা গোপালগঞ্জ কমিউনিকেশনস সার্ভিস আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মো.আবির হোসেন। এসময় এফবিসিসিআই-এর সদস্য মো.নজরুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি জি এম শাহাবুদ্দিন আযম, বোটানিক এ্যারোমার কর্মকর্তা এবং গোপালগঞ্জ সেরা কণ্ঠ প্রতিযোগিতার তিন বিচারক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অনেক সংগীত প্রতিভা রয়েছে। তাদের এ প্রতিভার মূল্যায়ন করতে দেশের সংগীতে তাদের অবদান রাখার সুযোগ তৈরি করতে এ আয়োজন করা হয়েছে। পটুয়াখালীর আদালতে রহস্যজনক চুরি পটুয়াখালী প্রতিনিধি \ পটুয়াখালী জেলা জজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নেজারত শাখা, জিআরও অফিস, রেকর্ড রুমসহ ৪টি কক্ষে গত সোমবার রাতে এক রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার সকালে ৬জন নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে আদালতের ৪টি কক্ষ থেকে কি মালামাল বা নথিপত্র চুরি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সকালে আদালতের কর্মচারীরা অফিসে এসে কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। জেলা জজকোর্টের নাজির প্রাণেশ কুমার সরকার জানান, সকালে এসে দেখি আদালত ভবনের ৩টি কক্ষের দরজার তালা ভাঙ্গা ও একটি কক্ষের গ্রিল কাটা। চোরেরা কক্ষগুলোর আলমীরা ভেঙ্গে তছনছ করে রেখে যায়। প্রশাসনিক কর্মকর্তা এম.ডি হায়াতুল হক জানান, রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটানো হয়েছে। রাতে ৬ জন নৈশপ্রহরী ডিউটিতে ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি চালকদের ধর্মঘট বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে সিএনজি চালনায় বাধা প্রদান ও সিএনজির নামে মামলা দায়েরের প্রতিবাদে গতকাল বুধবার সকাল থেকে সিএনজি চালকরা বিজয়নগরের সর্বত্র ধর্মঘট পালন করছে। এ ব্যাপারে সিএনজির মালিক সঞ্জয় পোদ্দার জানান, উপজেলার বিভিন্ন সড়ক দিয়ে সিএনজি চলাচলে পুলিশ অবৈধভাবে বাধা প্রদান করায় সকাল-সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট পালন করা হচ্ছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহম্মদ নিজামী জানান, মহাসড়কে সিএনজি চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় ও বেশিরভাগ সিএনজির নাম্বার না থাকায় সিএনজি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রীমঙ্গলে স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা \ গতকাল বুধবার শ্রীমঙ্গল বাড্স স্কুল ও কলেজ-এর সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম-এর নির্মম খুনের ঘটনায় এক শোক ও প্রতিবাদ সভা এবং মানববন্ধন করেছে। শোকসভায় আশরাফুল-এর মুক্তিপণের দাবিতে অপহরণ ও খুনের উপযুক্ত বিচার দাবি করে শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সভায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়। পরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকরা এক মানববন্ধন করে। জীবননগরে মহাসড়ক হতে অবৈধ যান উধাও জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এ উপজেলার মহাসড়ক হতে অবৈধ যান আলমসাধু, করিমন ও নসিমন আটক অভিযান শুরু করেছে পুলিশ। গত দুই দিন ধরে থানা অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অবৈধ যান আটকে মাঠে রয়েছে। পুলিশি এ অভিযানের ফলে মহাসড়ক হতে অবৈধ যান মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে। থানা অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমান জানান, মঙ্গলবার অভিযান চালিয়ে ১৫টি অবৈধযান আটক করা হয়। গতকাল বুধবার দিনভর পুলিশ অবৈধ যান আটকে মাঠে রয়েছে। তিনি জানান, এদিন বেশ কিছু অবৈধ যান আটক করা হয়েছে। দুর্গাপুরে উপবৃত্তি বৃদ্ধির দাবিতে মানববন্ধন দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পাবলিক পলিসি ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার নাগরিক সমাজ, আদিবাসী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার জনগণের সমন্বয়ে নেত্রকোনা জেলায় প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি প্রদানে ৪৫% হারের পরিবর্তে ৯০% হারে উন্নীত করার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় গতকাল বুধবার। এতে বক্তব্য রাখেন উপজেলা পাবলিক পলিসি ফোরামের আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন চুন্নু, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম প্রমুখ। জয়পুরহাটে নিরাপদ মাতৃত্ব বিষয়ক কর্মশালা জয়পুরহাট প্রতিনিধি \ ছোট পরিবার ধারণা উন্মেষ, নিরাপদ মাতৃত্ব, পুষ্টি ও নবজাতকের যত্ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে জয়পুরহাটে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলা পর্যায়ের ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। গতকাল বুধবার সাংবাদিকদের নিয়ে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন। এতে বক্তব্য রাখেন পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকন উদ্দীন, জেলা পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ আবু নসর চৌধুরী, বিএমএ জয়পুরহাট শাখার সাধারণ সম্পাদক ডাঃ জোবায়ের গালিব ও সদর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মাহফুজা খানম প্রমুখ। চুয়াডাঙ্গায় সাংবাদিকদের কর্মশালা চুয়াডাঙ্গা প্রতিনিধি \ নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন বিষয়ে চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। মেডিক্যাল অফিসার ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের মিডিয়া প্রোডাকশন ম্যানেজার মো. মনিরুজ্জামান ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো.রেজাউল করিম। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডা. বেলাল উদ্দিন। রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেয়ায় দোকান ভাংচুর রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ জেলার রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজারে গতকাল বুধবার মাদক ব্যবসা ও সেবনে বাধা দেয়ায় সাবেক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু ছায়েদ সাবুর উপর হামলা ও দোকান ভাংচুর করা হয়েছে। প্রতিবাদে বাজার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করে। জানা যায়, মাদক ব্যবসায়ী ভুট্টো (৩৫), মমিন (২৮) ও আউয়াল (২৯)সহ দক্ষিণ দরবেশপুরস্থ গোলার বাড়ির সামনে বসে মাদক সেবন ও বিক্রিকালে সাবেক যুবলীগ নেতা আবু ছায়েদ তাদেরকে বাধা প্রদান করলে ভুট্টো ও মমিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায় এবং তার দোকান ভাংচুর করে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বটিয়াঘাটায় নারী বিকাশ কেন্দ্রের মতবিনিময় বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলা নারী বিকাশ কেন্দ্রের কর্মকাণ্ড এবং প্রতিবন্ধকতা বিষয়ে এক মতবিনিময় সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় ডেপুটি হেড অব সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রতিনিধি সিরাকো মিসারলী, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি শেখ আব্দুল হামিদ, অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব আহবায়ক ইন্দ্রজিত্ ঠিকাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, যুব উন্নয়ন অফিসার মোনায়েম খান, কামরুল ইসলাম, প্রহ্লদ জোতদার, গোলাম ফারুখ উপস্থিত ছিলেন। মাচাইনে ওয়াজ ও ওরশ মাহফিল আয়োজন শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা\ ৫শ’ বছরের ঐতিহ্যে লালিত মাচাইন শাহী মসজিদ ও হযরত শাহ রুস্তম বোগদাদীর (র:) মাজার প্রাঙ্গনে দু’দিন ব্যাপী ওয়াজ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়েছে। আগামী ৬ ও ৭ মার্চ ওয়াজ মাহফিল, তবারক বিতরণ এবং পুরস্কার বিতরণ করা হবে। মসজিদ ও মাজার পরিচালনা কমিটির সভাপতি হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবিনা ফেরদৌসী সভাপতিত্ব করবেন। বাগেরহাটের মুফতি মাওলানা খায়রুল ইসলাম হিলালী ওয়াজ মাহফিলের প্রধান বক্তা থাকবেন।