ভিন্নরূপে হাজির হচ্ছেন তিশা!

আপডেট : ২১ মে ২০১৯, ২১:৫২

তিশা

এবারের ঈদে একেবারেই ভিন্ন ঢঙে। ভিন্ন রুপে ধরা দেবেন ছোট পর্দায়

 

বিনোদন রিপোর্ট

 

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এখন ব্যস্ত ঈদের নাটক নিয়ে। এই ঈদের বেশ কয়েকটি নাটকে অভিনয় করছেন তিনি। অথচ বছরের অন্যান্য সময়ে তাঁকে ছোটপর্দায় খুব একটা দেখা যায় না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটপর্দায় কাজ একটু কম করছি। বেছে বেছে কাজ করছি। নরমাল ডেতে কাজ করি না। বিশেষ দিবসে ভালো গল্প পেলে কাজ করি। এজন্য আমাকে টিভি নাটকে কম দেখা যায়।’

সম্প্রতি তিনি শেষ করেছেন ‘মনে মনে খুব গোপনে’ নাটকের শুটিং। তাঁকে এই নাটকে দেখা যাবে চঞ্চলা প্রকৃতির একটি মেয়ের চরিত্রে। নাটকে তিশার বিপরীতে অভিনয় করেছেন আবির মির্জা। রুবি চরিত্রে তিশা ও আরিফিন চরিত্রে আবিরকে দেখা যাবে। নির্মাতা শ্রাবণী ফেরদৌস তিশাকে বলছেন ‘দাবাং গার্ল’। কিন্তু কেন? উত্তরে নির্মাতা বলেন, ‘নাটকে তিশা ও আবিরের দাম্পত্য জীবনের গল্প দেখানো হয়েছে। তিশা অস্থির প্রকৃতির মেয়ে। তিশার সরলতা আবির বুঝতে পারে না। এক পর্যায়ে তিশাকে সন্দেহ করতে শুরু করে আবির। শুরু হয় নতুন কাহিনি। বাকিটুকু টিভিতেই দেখতে পাবেন!’

নাটকটি নিয়ে তিশা বলেন, ‘আমি সবকিছুর আগে স্ক্রিপ্টকে প্রাধান্য দিই। কোনো গল্প বা স্ক্রিপ্ট যখন আমার কাছে আসে তখন প্রথমে ভাবি চরিত্রটা আমার সাথে যায় কি-না। অভিনয়ের অফার পেলেই যে আমি সেটা করে ফেলি বিষয়টা কিন্তু তা নয়। অবশ্যই ভেবে সিদ্ধান্ত নেই। এটার ক্ষেত্রেও এমনটা করেছি। বিশ্বাস রাখুন, ভালো কিছু হয়েছে।’ তিনি বলেন, ‘আমি জানি না কতটুকু সফল হই, তবে আমার চেষ্টাটা থাকে। যেকোনো চরিত্রে একজন অভিনয়শিল্পী দাঁড়ানোর আগে তাঁর একটা প্রস্তুতি অবশ্যই দরকার। আমি শতভাগ সেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি।’এদিকে অভিনেতা তাহসান খানের বিপরীতে দুটি ঈদ নাটকে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এ দুটি নাটক নির্মাণ করছেন মাবরুর রশিদ বান্নাহ।