বিনোদন রিপোর্ট
ঈদের ছবি মুক্তি পাবে বড়পর্দায় এটাই স্বাভাবিক। কিন্তু এই গণ্ডি থেকে বেরিয়ে ইউটিউবে মুক্তি পাচ্ছে ‘দি ডিরেক্টর’। খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক কামরুজ্জামান কামু। কোনো উত্সবে প্রেক্ষাগৃহের বাইরে নিজ উদ্যোগে সিনেমা প্রদর্শনের নজির থাকলেও পাবলিক স্ট্রিমিং-এ মুক্তির খবর এর আগে দেশে শোনা যায়নি। তবে এমন কাণ্ডের নেপথ্যে রয়েছে দীর্ঘ গল্প। ২০১০ সালে এই সিনেমার শুটিং শুরু হয়। সেন্সরে জমা পড়ে ২০১৩ সালে। ছাড়পত্র পেতেও সময় লাগে দু-বছর । এজন্য করতে হয়েছে আন্দোলনও। ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডের সামনে মানববন্ধনও করে তাঁরা। অনেক নাটকীয়তার পর ২০১৫ সালে ছাড়পত্র পায়। এরপর ৪ বছরেও কোনো উপযুক্ত পরিবেশক পায়নি চলচ্চিত্রটি। আবারো ঝুলে পড়ে পুরো বিষয়টি। তাই কবে সিনেমা হলে উঠবে সেটার ওপর ভরসা না করে ইউটিউবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিনেমা সংশ্লিস্টরা। পরিচালক বলেন, ‘আমরা মনে করি এটাই আমাদের ছবির জন্য যৌক্তিক প্লাটফর্ম। সেই ২০১০ সাল থেকে ছবিটি কাঁধে ভর করে চলছি। অনেকেই হয়তো ভুলে গেছেন ছবিটির কথা। আবার অনেকে অধীর আগ্রহে বসে আছেন সিনেমাটি দেখার জন্য। আমাদের মধ্যেও ছবিটি দেখানোর বিষয়ে একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। আমদের সার্থকতা শেষমেষ আমরা ছবিটি দর্শকদের দেখাতে পারছি। আর কোনো বাঁধা নেই ছবিটির।’ তবে সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়িকা পপি বলেন, ‘এটি কীভাবে সিনেমা হয়। এটা একটা নাটক। এখন সিনেমা বলে চালানো হচ্ছে। যা অন্যায়, প্রতারণা।’
ছবিটি মুক্তির আগে এরইমধ্যে দুটি গান ও টিজার ইউটিউবে প্রকাশ হয়েছে। এরমধ্যে একটি ‘আমি তোমার ডিরেক্টর, তুমি হিরোইন’। গানটি মারজুক রাসেলের লেখায় কণ্ঠ দিয়েছেন মমতাজ ও গীতিকার নিজেই।
ছবিটিতে অভিনেতা মারজুক রাসেল ও চিত্রনায়িকা পপি ছাড়া আরো আছেন মোশাররফ করিম, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, তানভীন সুইটি, নাফিজা জাহান, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।
