শেষ বেলায় অস্ট্রেলিয়ার জয়

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২২:৩০
ওয়ার্নার ও মাইকেল ক্লার্কের সেঞ্চুরিতে প্রথম ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই ইনিংসটা ঘোষণা করতে প্রথম দু’দিন ব্যয় করে ফেলে অস্ট্রেলিয় অধিনায়ক ক্লার্কই অনেকটা ঠিক করে ফেলেছিলেন ম্যাচের ড্র-ভাগ্য। এমনকি বিশাল লিড পেয়েও দক্ষিণ আফ্রিকাকে ফলোঅনে না পাঠিয়ে আরও সংশয় তৈরী করেছিলেন। কিন্তু সব সংশয় শেষ করে দিলেন অস্ট্রেলিয়ান বোলাররা, রায়ান হ্যারিস ও মিশেল জনসন। দক্ষিণ আফ্রিকা যখন অসাধ্য সাধন করে ম্যাচ ড্রয়ের দিকে নিয়ে যাওয়া নিশ্চিত করে ফেলেছে, তখনই পরপর তিন আঘাতে তাদের শেষ করে দিয়ে দিনের খেলা শেষ হওয়ার ৪ ওভার বাকি থাকতে ২৪৫ রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার করতে হত ৫১১ রান। আর শেষ দিনে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৬টি মাত্র উইকেট। কিন্তু সেই ‘মাত্র’ ৬টি উইকেট তুলে নিতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হল অস্ট্রেলিয়ানদের। সাত, আট ও নয় নম্বরে নামা ডু প্লেসিস, ডুমিনি ও ফিল্যান্ডারের অসামান্য ধৈর্যশীল ৩ ইনিংসে ভর করে দিন প্রায় পারই করে দিচ্ছিল দক্ষিণ আফ্রিকানরা। ৯৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর ৭ উইকেটে চলে গিয়েছিল তারা ২৪৬ রান পর্যন্ত। কিন্তু শেষ রক্ষা হল না। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৯৪ রানের জবাবে ২৮৭ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সুযোগ পেয়েও দক্ষিণ আফ্রিকাকে ফলো অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩০৩ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়ানরা। ওয়ার্নার জোড়া সেঞ্চুরির দেখা পান। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে ৫১১ রানের জয়ের লক্ষ্য দাঁড়ায়। আগের দিনই ৬৮ রান তুলতে ৪ উইকেট হারিয়ে পরাজয়টা দেখতে পাচ্ছিল তারা। দিন শেষ করেছিল তারা ৭১ রানে ৪ উইকেট নিয়ে।