বার্সা ছাড়ার ঘোষণা দিলেন পুয়োল

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২২:৩২
অধিনায়ক কার্লেস পুয়োল চলতি মৌসুম শেষে বার্সেলোনার সাথে ১৫ বছরের সাফল্যজনক ক্যারিয়ারে ছেদ ঘটানোর ঘোষণা দিয়েছেন। চলতি মৌসুম শেষেই ন্যু ক্যাম্প ছেড়ে যাবেন তিনি। পুয়োল অবশ্য ন্যু ক্যাম্প ছাড়ার পর অন্য কোথাও খেলবেন কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার গত দুই মৌসুম ধরে ইনজুরির কারণে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেননি। এমনকি এ কারণে তাকে হাঁটুর অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছে। আপাতত তাই ন্যু ক্যাম্প ছেড়ে বিশ্রামের ঘোষণাই দিয়েছেন তিনি। এ ব্যাপারে পুয়োল বলেন, ‘চলতি মৌসুমের শেষে আমি বার্সেলোনা ছেড়ে যাচ্ছি। ক্লাব এই বিষয়টি সম্পর্কে জানে এবং আমরা এ ব্যপারে সমঝোতা করেই সিদ্ধান্ত নিয়েছি। এখনো ক্লাবের সাথে আমার দুই বছরের চুক্তি বাকি আছে। কিন্তু শেষ দুই বছরের চুক্তি আমি প্রত্যাহার করে নিয়েছি।’ গত বছর জানুয়ারিতে বার্সেলোনার সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন পুয়োল। কিন্তু জুনে জানিয়ে দিয়েছিলেন যদি ইনজুরি অব্যাহত থাকে তবে তিনি আর দলের সাথে থাকবেন না। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় তিনি মাত্র ১০টি ম্যাচে মাঠে নেমেছিলেন। শেষ দুটি অস্ত্রোপচারের পর দলের সাথে মানিয়ে নেয়া কিছুটা কঠিন হয়ে পড়েছিল তার। এ কারণেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। তবে বর্তমান ক্লাব ছেড়ে ভবিষ্যতে অন্য কোথায় যাবেন কিনা এ ব্যাপারে কোন কিছু বলতে রাজী হননি। তার আগে মৌসুমের শেষে বর্তমান চ্যাম্পিয়নদের তাদের শিরোপা ধরে রাখার লক্ষ্যকেই এখন বেশী গুরুত্ব দিচ্ছেন। পুয়োল বলেন, আমি এখনই ক্লাব ছেড়ে যাচ্ছি না। এখনো মৌসুমের তিন মাস বাকি আছে। আর তাই সবকিছু শেষ না হওয়া পর্যন্ত আমি কোন কিছুই ছাড়তে রাজী নই। দলের উন্নতিতে আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো এবং নিজেদের লক্ষ্য পূরণ করবো। আমি জানি না ৩০ জুন আমি কি করবো। তবে এই মুহূর্তে আমার বিশ্রামের প্রয়োজন আছে। ইনজুরির কারণে গত চার বছর আমার কোন বিশ্রাম হয়নি। আর তাই সবকিছু শেষ করে আপাতত বিশ্রামের কথাই চিন্তা করছি।