যে সকল গ্রাহক কম বিদ্যুত্ ব্যবহার করবেন তাদের বিদ্যুতের দাম দিতে হবে বেশী, আর যারা বেশী ব্যবহার করবেন তাদের দাম দিতে হবে কম! বিদ্যুতের মূল্যবৃদ্ধির এমনই অযৌক্তিক প্রস্তাব দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)। প্রতিষ্ঠানটি গড়ে ১৫.৯০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিলেও গরিব ও নিম্ন মধ্যবিত্তদের ব্যবহূত বিদ্যুতের ওপর প্রায় ৩২ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব করেছে।
গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানিতে ডেসকো এ প্রস্তাব তুলে ধরে। প্রস্তাবে দেখা গেছে, ৩০১ ইউনিট থেকে ৪০০ ইউনিট ব্যবহারকারীর জন্য ৩১.৭৭ শতাংশ আর ৪০০ ইউনিটের ওপরে ব্যবহারকারীদের জন্য মাত্র ৬.৫২ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংস্থাটি। তবে ডেসকো’র গ্রাহকদের বিদ্যুতের দাম ২.০১ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মূল্যায়ন কমিটি। শুনানিতে বিইআরসির চেয়ারম্যান এ আর খানের সভাপতিত্বে কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন ও মো. মাকসুদুল হক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার পিডিবি গরিব আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম এক টাকা ৩৭ পয়সা আর ধনী আবাসিক গ্রাহকের প্রতি ইউনিটের দাম মাত্র দুই পয়সা বাড়ানোর প্রস্তাব দেয়।
গতকাল ডেসকো তার প্রস্তাবে বলেছে, ক্রয়মূল্য ও অন্যান্য খরচসহ প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য পড়ছে ৭.১৪ টাকা। আর বিক্রি করা হচ্ছে গড়ে ৬.৫৮ টাকা দরে। দাম বাড়ানো না হলে চলতি অর্থবছরে ১৪৯ কোটি টাকা লোকসান দিতে হবে। তবে প্রতিষ্ঠানটি দাম বাড়ানো না গেলে ভর্তুকি দেয়ার প্রস্তাব করেছে।
এর আগে সকালে ঢাকা পাওয়ার ডিস্র্বিবিউশন কোম্পানির (ডিপিডিসি) গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়ানোর ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়। ডিপিডিসি ২৩.৫০ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব করেছে। বিইআরসি’র মূল্যায়ন কমিটি ৬.০৩ শতাংশ হারে বাড়ানোর সুপারিশ করেছে।
এর আগে মঙ্গলবার পিডিবি ও পশ্চিমাঞ্চল বিদ্যুত্ বিতরণ কোম্পানির (ওজোপাডিকোর) প্রস্তাবের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়। পিডিবি বর্তমান দামের উপর ১৫ দশমিক ৫০ শতাংশ এবং ওজোপাডিকো ৮ দশমিক ৫৯ শতাংশ হারে দাম বৃদ্ধির প্রস্তাব করে। তবে বিইআরসির মূল্যায়ন কমিটি পিডিবি’র জন্য ৬ দশমিক ৬৬ শতাংশ এবং ওজোপাডিকোর ক্ষেত্রে ৭ দশমিক ৫১ শতাংশ দাম বাড়ানোর সুপারিশ করেছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ পল্ল¬ী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) প্রস্তাবিত দামের ওপর গণশুনানি করা হবে। এদিকে গতকালও গণশুনানি চলাকালে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়া বন্ধের দাবিতে বিইআরসি ঘেরাও কর্মসূচি পালন করে সিপিবি ও বাসদ।
উল্লেখ্য, বর্ধিত দামের বিষয়ে আগামী ১৫ মার্চের মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করবে বিইআরসি। তবে চলতি মাসের প্রথম দিন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
