আব্দুল জলিলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২৩:০৭
প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নওগাঁ-৫ আসনে ৪ বার নির্বাচিত এমপি আব্দুল জলিল আমৃত্যু মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন । ১৯৩৯ সালের ২১ জানুয়ারি নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল জলিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৪ সালে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাস করেন। স্থানীয়ভাবে নওগাঁয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনকারী এই নেতা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পরে আব্দুল জলিল ১৯৭৩ সালের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৬, ২০০১ ও ২০০৮ সালে একই আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০২ সালে আওয়ামী লীগের ১৯তম কাউন্সিলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এর আগে টেকনোক্রেট কোটায় বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন । এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের সময় বাকশাল গঠনের পর নওগাঁ জেলার গভর্নর এবং পরে নওগাঁ পৌরসভার চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেন।