চট্টগ্রাম টেস্ট তিন দিনে শেষ হয়ে গিয়েছিল। তারপরও বাড়তি দুইদিন চট্টগ্রামে কাটাতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। গত মঙ্গলবার ঢাকায় ফিরেছিল ক্যারিবিয়ানরা। গতকাল দুপুরে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করেছে সফরকারী দল। সিরিজে ১-০ তে পিছিয়ে পড়া উইন্ডিজদের সামনে এখন সিরিজ হারের চোখ রাঙানি। বাংলাদেশের মাটিতে অতীতে কখনোই টেস্ট সিরিজ হারেনি তারা।
এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্ট জিততে মরিয়া ক্রেইগ ব্রেথওয়েটের দল। সিরিজ হারতে চায় না দলটি। আগামীকাল শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্পিন বাধা টপকানোর আশা করছে সফরকারীরা। দলের বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান গতকাল বলেছেন, মিরপুরে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ।
বিসিবি একাডেমি মাঠে দুপুর থেকে বিকাল অব্দি অনুশীলন করেছে সফরকারীরা। অনুশীলন শেষে মিরপুরে জয় পেতে আত্মবিশ্বাসী জানিয়ে ওয়ারিক্যান বলেছেন, ‘দল হিসেবে আমাদের বিশ্বাস আছে নিজেদের উপর এবং ম্যাচ জিততে নিজেদের সমর্থন করার। অবস্থা এখন এমন আমাদের জিততেই হবে। জয় দিয়ে সিরিজ শেষ করে বাড়ি ফেরাই আমাদের সঙ্গে মানায়। দল হিসেবে আমরা এখনো আত্মবিশ্বাসী। হয়তো আমরা প্রথম টেস্ট হেরে গেছি। আমরা নিজেদের সঙ্গে মিলিত হয়েছি এবং শক্তভাবে ফিরে আসতে চাই। ম্যাচটা জেতার দিকেই তাকিয়ে আছি।’
মিরপুরে জয়ের ছকই কষছে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ছয় উইকেট পাওয়া ওয়ারিক্যান গতকাল বলেছেন, ‘অবশ্যই আমরা জয় নিয়ে যেতে চাই এবং সিরিজ হারতে চাই না। যদি এই জায়গা থেকে আমরা সিরিজ ড্র করতে পারি এটা দলের জন্য বোনাস হবে। তাই এটাই ম্যাচে (মিরপুর টেস্ট) যাওয়ার আগে পরিকল্পনা।’
উইন্ডিজরা মানসিকভাবে প্রস্তুত মিরপুরে আরেকবার স্পিন পরীক্ষা দিতে। দ্বিতীয় টেস্টেও উইকেট স্পিনিং থাকবে আশা ওয়ারিক্যানের। সাকিব-তাইজুল-নাঈমদের স্পিন আক্রমণের বিরুদ্ধে ইতিবাচক থাকতে বলে উল্লেখ করেছেন তিনি। বাঁ-হাতি এই স্পিনার বলেন, ‘অবশ্যই মিরপুরের উইকেট আবার স্পিন করবে। তাই আমাদেরকে স্পিনের বিপক্ষে নিয়ন্ত্রিত ব্যাটিং করতে হবে। আমাদেরকে ইতিবাচক থাকতে হবে। আমাদের পরিকল্পনা আছে, ভালো ব্যাটিংয়ের মাধ্যমে এটা উইকেটে বাস্তবায়ন করতে হবে।’
বাংলাদেশের ব্যাটসম্যান স্পিন খেলার সামর্থ্য ক্যারিবিয়ানদের জানা। ওয়ারিক্যান বলছেন, ফিল্ডিংয়ে আসা সুযোগগুলো ঠিকমতো কাজে লাগাতে হবে।
নয় বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। ২০০৯ সালে সর্বশেষ খর্বশক্তির উইন্ডিজদের বিপক্ষে জয়ের পর অপেক্ষার প্রহর গুনছে টাইগাররা। ওয়ারিক্যান বলেছেন, মিরপুরে জয়ের মধ্য দিয়ে সিরিজ নিশ্চিত করতে মরিয়া থাকবে বাংলাদেশ।
তিনি বলেন, ‘অবশ্যই তারা অনেক দিন সিরিজ জিতে না। তাই তারা সিরিজ জিততে মুখিয়ে থাকবে; কিন্তু আমরাও চেষ্টা করবো শেষ টেস্টটা জিতে যেন সিরিজটা ড্র করতে পারি।’
ইমরুলকে ধাক্কা দিয়ে মিরপুর টেস্টে নিষিদ্ধ শ্যানন গ্যাব্রিয়েল। নতুন বলে দলটির সেরা পেসার তিনি। গ্যাব্রিয়েলকে হারানো বড় ক্ষতি ক্যারিবিয়ানদের। ওয়ারিক্যান বলেছেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ হবে। শ্যানন (গ্যাব্রিয়েল) আমাদের স্ট্রাইক পেস বোলার, সবচেয়ে দ্রুতগতির বোলারও। তাছাড়া সে বাংলাদেশের বিরুদ্ধে খুব ভালো করেছে। তাকে হারানোটা এই সিরিজে মূল ক্ষতি।’
