টাঙ্গাইল-৮ উপ-নির্বাচনে সহিংসতা রোধে ইসির নিরাপত্তা পরিকল্পনা

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২৩:০৮
টাঙ্গাইল-৮ উপ-নির্বাচনে সহিংসতা রোধে কঠোর নিরাপত্তা পরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন কেউ যাতে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখছে কমিশন। এ বিষয়ে আগামী ১৩ মার্চ (বৃহস্পতিবার) ইসি সচিবালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি এ বৈঠকের কার্যপত্রও চূড়ান্ত করা হয়েছে। গতকাল বুধবার এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে পাঠানো হয়েছে বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে এ বৈঠকে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে। ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, উপ-নির্বাচনের আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থাকবে। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), এপিবিএন ও ব্যাটালিয়ন আনসার নিয়োগের পরিকল্পনা নেয়া হয়েছে। এ আসনের ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের জন্য ১৬টি মোবাইল টিম ও র্যাবের পৃথক ১৬টি মোবাইল টিম মোতায়েনের পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে। পাশাপাশি অপরাধীদের তাত্ক্ষণিক সাজা দিতে ৪ জন নির্বাহী ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। গত ২০ জানুয়ারি মৃত্যুবরণ করেন দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপি শওকত মোমেন শাহজাহান। তিনি টাঙ্গাইল-৮ সংসদীয় আসনের সরকার দলীয় এমপি ছিলেন। তার মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। আগামী ২৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।