বিনোদন রিপোর্ট
নানা আয়োজনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে গত ২০ মে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ফিল্ম আর্কাইভ চত্ত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন বিশেষ অতিথি তথ্য সচিব আবদুল মালেক, আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার ও চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জানানো হয়, ২০২১ সালে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম আর্কাইভের ৭৭তম কংগ্রেস ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ফিয়াফ সম্মেলনে বিশ্বের শতাধিক দেশের তিন শতাধিক অতিথি অংশগ্রহণ করবেন এতে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ও স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ১৯৫৬ সাল থেকে সাম্প্রতিককালের বিভিন্ন সিনেমার পোস্টার ও স্থিরচিত্র প্রদর্শনীতে স্থান পায়। এরপর আর্কাইভের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০২১ সালে অনুষ্ঠিতব্য ফিআফ কংগ্রেসের প্রস্তুতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন চলচ্চিত্র সমালোচক, শিক্ষক ও গবেষক অনুপম হায়াত্। আলোচক হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার। অনুষ্ঠানে প্রথান অতিথি দেশের সব জেলা তথ্য কার্যালয়ে একটি করে সিনেমা হল নির্মাণের পরিকল্পনা ও হল মালিকদের হল নির্মাণে আর্থিক সহযোগিতার কথা জানান।
