ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস (আইক্যান)-এর অ্যাট লার্জ স্ট্রাকচারের (এএলএস) সদস্য হয়েছে। সম্প্রতি আইক্যান থেকে এ অনুমোদন দেওয়া হয়। বর্তমানে ১৩০টি এএলএস আছে যারা আইক্যানের বিভিন্ন ডিসকাশন গ্রুপে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সদস্য হওয়ার ফলে ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার আইক্যানের বিভিন্ন সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারবে। আইক্যান হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যালোকেশন ব্যবস্থাপনা এবং ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) ব্যবস্থাপনা নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আর এএলএস হচ্ছে বিশ্বব্যাপী ব্যক্তিগত ইন্টারনেট ব্যবহারকারীদের গ্রুপ। বেশ কয়েক বছর ধরে আইক্যান ইন্টারনেট ব্যবহারের প্রচলিত বিভিন্ন ধারা পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। ডট বাংলা আইডিএন চালু করা নিয়ে এখন বিটিআরসি ও আইক্যানের সহযোগিতা নিয়ে কাজ করছে আইসক বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার। এই প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলা ভাষায় ডোমেইন নাম লেখা সম্ভব হবে। এ লক্ষ্যে আগামী ২৩ থেকে ২৭ মার্চ সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য আইক্যানের পরবর্তী সভায় আইসক বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সহ-সভাপতি মো. জাহাঙ্গির হোসেন অংশগ্রহণ করবেন।
