অস্তিত্ব হারাতে বসেছে নেত্রকোনার সব নদী

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২১:০০
বছরের পর বছর ধরে নদীগুলোতে পলি পড়ে নেত্রকোনার সকল নদী এখন ভরাট হয়ে মাঠে ময়দানে পরিণত হয়েছে। সেখানে চলছে ধানের আবাদ। তৈরি হচ্ছে বাড়িঘর। অথচ এক সময়ের খরস্রোতা এই নদীগুলো দিয়ে চলতো ৫ শত মণী নৌকা, লঞ্চ আর ট্রলার। অনেক নদীর নাম আছে কিন্তু নালাও নেই। নেত্রকোনার প্রধান নদী মগড়া এখন নয়নজলী নদীতে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এবং এলাকাবাসীর হিসেব মতে, জেলায় ছোট বড় মিলে প্রায় ২৫ টি নদী এবং প্রায় ১১/১২ টি খাল রয়েছে। তারমধ্যে জেলার প্রধান প্রধান নদীগুলো হচ্ছে-কংশ, মগড়া, সোমেশ্বরী, নিতাই, উব্দাখালি, ধনু, ঘোড়াউত্ড়া, বালই, বৌলাই, বালাজ, পুরাতন সুরমা, সোয়াই, গোলামখালি, আত্রাখালি, গণেস্বর, সাইডুলি, তুষাই, ধলাই এবং খারচা। বছর বছর নদীগুলোতে পলি পড়ে এমন আকার ধারণ করছে যে, এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে এই সমস্ত নদীর অস্তিত্ব পাওয়া যাবে না। একসময় তুষাই নদীর মত এদেরও অস্তিত্ব থাকবে না। নেত্রকোনা শহরকে বেষ্টন করে যে নদী প্রবাহিত হচ্ছে সেই নদী মগড়া। সেই মগড়া এখন হুমকির সন্মুখিন। দিন দিন নদী ভরাট হবার কারণে লোকজন নদী দখল করছে আর বাড়িঘর বানাচ্ছে। নদীতে হচ্ছে চাষাবাদ। বোরোর মৌসুমে সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে হাজার হাজার কৃষক। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, অর্থাভাবে তারা জেলার কোন নদীই খনন করতে পারছে না। মগড়া নদীর পূর্বধলা অংশ অবিলম্বে খনন করতে না পারলে এই নদীর অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে বলে ইতিমধ্যেই আশংকা প্রকাশ করা হয়েছে।