টাঙ্গাইলের দাইন্যা ইউপির উপনির্বাচন ১১ মার্চ

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২১:০৩
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক নিহত হওয়ার প্রেক্ষিতে চেয়ারম্যানের শূন্য পদে অনুষ্ঠিতব্য উপনির্বাচনের তারিখ পরিবর্তন করে আগামী ১১ মার্চ করা হয়েছে। উপনির্বাচনের দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে একজন রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন এবং অপর প্রার্থী নিহত চেয়ারম্যানের ছোট ভাই আজহারুল ইসলাম ওরফে লাভলু মিয়া। আফজাল হোসেন পলাতক অবস্থায় প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেন এবং এখনো পলাতক আছেন। গত মঙ্গলবার এই উপনির্বাচনে ভোট গ্রহণের পূর্বনির্ধারিত তারিখ ছিল। ভোট গ্রহণের একদিন আগে গত সোমবার তারিখ পরিবর্তন করে ১১ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে। এই উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান স্বাক্ষরিত ‘গণবিজ্ঞপ্তি’র মাধ্যমে এই তারিখ পুনর্নির্ধারণ করা হয়। একই সাথে উভয় প্রার্থীর পূর্বে বরাদ্দকৃত প্রতীকও পরিবর্তন করে গত মঙ্গলবার নতুন প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।