ভোট দিন, দেখে শুনে বুঝে দিন- এই শ্লোগানে কুড়িগ্রামে বুধবার জনগণের মুখোমুখি হয়ে নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ। টিআইবি’র সচেতন নাগরিক কমিটি কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজক উপ-কমিটির আহ্বায়ক আহসান হাবীব নীলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে টিআইবি’র সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক হাসান আলী উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি মোঃ শাহবুদ্দিন, চেয়ারম্যান প্রার্থী পনির উদ্দিন আহমেদ, মোঃ সাইদুর রহমান, মোঃ আব্দার হোসেন, মোঃ ইয়াছিন আলী সরকার, মোঃ আব্দুর রহিম শামীম ও মোঃ নুরন্নবী সরকার।
এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন সরকার, এসএম আবু হানিফ বিপ্লব, আনিছুর রহমান, ইয়াকুব আলী ও হাবিবুর রহমান সরকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারহানা ইয়াসমীন মিমি, আফরোজা বেগম, মনোয়ারা বেগম ও মাসুদা বেগম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তব্যে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীরা পরস্পর হাত ধরে নির্বাচিতদের সহযোগিতা এবং এলাকার উন্নয়নে মিলেমিশে কাজ করার শপথ নেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৫ মার্চ এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
