আবারো ফেরার লড়াইয়ে যুবরাজ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:০১

জাতীয় দলে তিনি নেই প্রায় ১৭ মাস হতে চললো। বয়সও প্রায় ৩৭ হয়ে গেছে। তবুও হাল ছাড়তে নারাজ যুবরাজ সিং। রঞ্জি ট্রফির সিঁড়ি বেয়ে আবারো জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছেন তিনি।

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না যুবরাজের। এক কালে যিনি ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাবের কাণ্ডারি, সেই যুবরাজ সিংকেই ছেড়ে দিয়েছে দলটি। ফলে, নতুন করে নিলামে উঠবে তার নাম। এর আগে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার ওয়ানডে টুর্নামেন্টে বিজয় হাজারে ট্রফিতে রাজ্য দলেই তিনি জায়গা হারিয়েছিলেন।

তবে, এবার রঞ্জি ট্রফি দলের দরজা খুলেছে যুবরাজের। চমত্কার ফর্মে থাকা পাঞ্জাবের মিডল অর্ডার ব্যাটসম্যান শুভমন গিল ভারতীয় ‘এ’ দলের হয়ে বিদেশ সফরে চলে যাওয়ায়, তার জায়গায় হঠাত্ই রাজ্য দলে ডাক পেয়েছেন যুবি। রঞ্জি ট্রফির চতুর্থ রাউন্ডের পরবর্তী তিনটি ম্যাচের জন্য বর্তমানে তাকে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ)।

গতকালই তিনি দিল্লির ফিরোজ শাহ কোটলায় স্বাগতিক দলের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছেন। সর্বশেষ ২০১৭ সালের জুনে ভারতীয় দলে খেলা যুবরাজ অন্তত পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফিতে আরো দুটো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। ম্যাচ দুটো হবে হিমাচল প্রদেশ ও তামিল নাড়ুর বিপক্ষে।