ব্রাজিল, স্পেন ও পর্তুগালের জয়

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২২:২২
নেইমারের হ্যাটট্রিকে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ২০১৪ বিশ্বকাপের স্বাগতিক দেশ ব্রাজিল। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ছাড়াও প্রত্যাশিত জয়ীদের তালিকায় আরো আছে ফ্রান্স, জার্মানি ও পর্তুগাল। ড্রয়ে বাধ্য হয়েছে শিরোপা প্রত্যাশীদের অন্যতম আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এ খেলাগুলোর মধ্যে বেশ নজর কাড়া খেলায় ইতালিকে ১-০ গোলে হারায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে পর্তুগাল নিজের মাঠে ৫-১ গোলে হারায় আফ্রিকার বড় দল ক্যামেরুনকে। এই গোল দুটির পর রোনালদো হলেন তার দেশের সর্বোচ্চ গোলদাতা। তিনি এ পর্যন্ত ৪৯ গোল করেছেন। সে তুলনায় নেইমারের বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি ছিলেন এই রাতে নিষ্প্রভ। তিনি অবশ্য পুরোপুরি সুস্থ্যও ছিলেন না। এমনকি খেলার শুরুর দিকে মাঠের মধ্যেই বমি করেন। ব্রাজিলে জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপটির প্রস্তুতির অংশ হিসেবে গত বুধবার রাতে বিশ্ব জুড়ে অনুষ্ঠিত অনেকগুলো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশ্বকাপের ৩২টি দেশ তাদের চূড়ান্ত করার আগে তাদের খেলোয়াড়দের শেষবারের মতো দেখে নেয়। কেননা মে মাসে ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণার আগে এটাই ছিল দলগুলোর শেষ প্রস্তুতি ম্যাচ। তবে অধিকাংশ দলই তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। বিশ্বকাপ অনুষ্ঠানের আর মাত্র ৯৭ দিন বাকি রয়েছে। কিন্তু বড় দলগুলো এখনো তাদের প্রস্তুতিতে যথার্থ প্রমাণ করতে পারেনি। রোমানিয়ার সাথে আর্জেন্টিনার গোলশূন্য ড্র এবং ডেনমার্ক ও চিলির বিপক্ষে ইংল্যান্ড ও জার্মানীর ১-০ গোলের জয় তেমনটাই জানান দেয়। অস্ট্রেলিয়া, ঘানা ও যুক্তরাষ্ট্র তো পরাজিত হয়ে অঘটনের জন্ম দেয়। নেইমার প্রথমার্ধে গোলের সূচনা করেন। এরপর দ্বিতীয়ার্ধে জোড়া গোলের সুবাদে হ্যাট্রিক হাঁকালে বড় জয় পায় ব্রাজিল। সোয়েটোর সকার সিটিতে অনুষ্ঠিত এ খেলায় চেলসির অস্কার ১০ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন। দলের পক্ষে অপর গোলটি করেন ম্যানচেস্টার সিটির ফার্নানদিনহো। ব্রাজিল কোচ লুই ফিলিপ স্কলারি দলের এই জয়ে সন্তুষ্ট হয়ে বলেছেন, ‘এটা মোটেই সহজ ম্যাচ ছিল না। স্কোরলাইন অবশ্য তা বলে না। দক্ষিণ আফ্রিকা বেশ ভাল খেলেছে। তাদের বল নিয়ে নড়াচড়া বেশ ভাল ছিল। পার্থক্য একটাই ব্রাজিলে কিছু বিশেষ খেলোয়াড় রয়েছে। আর তাই ম্যাচের ফলাফলে আমরা খুশী। কিন্তু এখনো কিছু কিছু জায়গায় কাজ করার প্রয়োজন আছে। আর সেটাই এই কয়েক মাসে অনুশীলনে আমাদের করতে হবে।’ শিরোপা ধরে রাখার লক্ষ্যে কোচ ভিসেন্টে ডেল বস্কের দলটি অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ভিসেন্টে ক্যালডেরোনে অনুষ্ঠিত খেলাটিতে এই রাতে ইতালির বিপক্ষে ১-০ গোলের জয় পায়। বর্তমান বিশ্ব ও ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা দুই বড় দলের এ লড়াইয়ে পেড্রো রডরিগুয়েজের ৬৩ মিনিটের গোলেই ব্যবধান গড়ে নেয়। স্পেনের পক্ষে অভিষেক হয় ব্রাজিলে জন্ম নেয়া অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার দিয়েগো কোস্তার। ম্যাচটি ছিল ইউরো ২০১২ ফাইনালের পুনরাবৃত্তি। কোস্তা অবশ্য অভিষেকে নিজেকে মেলে ধরতে পারেননি। পর্তুগাল দলের তারকা উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদোর দুই গোলে ক্যামেরুনের বিপক্ষে বড় জয় তুলে নেয়। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ছাড়াও মেইরেলেস, কোয়েন্ট্রাও এবং এডিনহোর গোলে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ক্যামেরুনের পক্ষে একমাত্র গোলটি করেন আবুবাকার। এছাড়া ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স করিম বেনজেমা এবং বে¬ইস মাতোদির প্রথমার্ধের গোলে ২-০ গোলে নিজেদের মাঠে নেদারল্যান্ডকে হারায়। ২০১০ সালের রানার্স-আপ নেদারল্যান্ডের এটি ছিল ১৯ ম্যাচ পর প্রথম কোন পরাজয়। ইংল্যান্ড লন্ডনের ওয়েম্বলীতে ড্যানিয়েল স্টারিজের ৮২ মিনিটের হেডে ডেনমার্ককে ১-০ গোলে পরাজিত করে। খেলাটিতে ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক হয় সাউদাম্পটনের লেফট-ব্যাক লুক শ’র। তবে দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়াড় হিসেবে এ্যাডাম লালানা এবং ড্যানি ওয়েলবেককে নামানোর পরই ইংল্যান্ড ছন্দ ফিরে পায়। লালানার সহায়তায় স্টারিজ গোল করে দলকে দারুণ এক জয় এনে দেন। গত নভেম্বরে চিলি এবং জার্মানীর কাছে প্রীতি ম্যাচে হারের পর ওয়েম্বলীতে এই প্রথম জয় তুলে নিল কোচ হজসনের ইংল্যান্ড। হজসন খেলা শেষে বলেন, ‘ড্যানিশ দলটি বেশ সংঘবদ্ধ ছিল। তাদের বিপক্ষে আমাদের জয়ের জন্য বেশ কষ্ট করতে হয়েছে। ৬০ মিনিটের পর থেকে আমরা ভাল খেলেছি এবং লালানাই পার্থক্য গড়ে দিয়েছে।’ আর্জেন্টিনা বুখারেস্টে রোমানিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করলেও তা প্রত্যাশিত ছিল না। মেসি অসুস্থ থাকার পরও মাঠে নেমেছিলেন। আর্জেন্টাইন কোচ আলেসান্দ্রো সাবেলা বার্সেলোনা সুপারস্টারকে প্লে¬মেকার হিসেবে রেখে সার্জিও অ্যাগুয়েরো এবং গঞ্জালো হিগুয়েইনকে নিয়েই আক্রমণভাগ সাজিয়েছিলেন। এছাড়া অ্যাঞ্জেল ডি মারিয়া, জেভিয়ার ম্যাশেরানো এবং পাবলো জাবালেটারাও ছিলেন দলে। কিন্তু দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা পুরো খেলায় তেমন কোন গুরুত্বপূর্ণ আক্রমণ শানাতে পারেনি। ব্রাজিল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী চিলির বিপক্ষে জার্মানীও নিজেদের প্রত্যাশিত নৈপুণ্য উপহার দিতে ব্যর্থ হয়। বরং জর্জ সাম্পাওলিসের চিলি জার্মানীকে পুরো খেলাতেই চাপে রাখে। পুরো ম্যাচে চিলি যেখানে ১৪টি কর্ণার আদায় করেছে সেখানে জার্মানী পেয়েছে মাত্র চারটি। এটাই পুরো ম্যাচের চিত্র বলে দিতে পারে। প্রথমার্ধের ১৬ মিনিটে মারিও গোয়েটজের গোলে স্বাগতিকরা এগিয়ে না গেলে স্টুটগার্টে হয়তো সাবেক চ্যাম্পিয়নদের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হতো। বার্সেলোনায় কলম্বিয়া ১-১ গোলে তিউনিশিয়ার সাথে ড্র করে। যদিও হাঁটুর ইনজুরির কারণে দলে ছিলেন না কলম্বিয়ার তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। লন্ডনে অস্ট্রেলিয়া ৩-০ গোলে এগিয়ে থেকেও ইকুয়েডরের সাথে ৪-৩ গোলে পরাস্ত হয়ে সমর্থকদের হতাশ করে। ইউক্রেনের কাছে ২-০ গোলে পরাজয়বরণ করে য়ুর্গেন ক্লিন্সম্যানের যুক্তরাষ্ট্র।- বাসস/এএফপি