ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির আহ্বান
বিশেষ প্রতিনিধি
আসন্ন ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ফিননেসবিহীন গাড়ি সড়কে বের না করার আহবান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। গতকাল সোমবার সমিতির তেজগাঁও ট্রাক স্ট্যান্ড কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদার।
সভায় সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান ঈদুল ফিতরে সাধারণ মানুষ সড়ক মহাসড়কে নির্বিঘ্নে যাতায়াত করার জন্য যাত্রীবাহী বাসকে অগ্রাধিকার ভিত্তিতে চলাচল করার জন্য পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, কোনো অবস্থায় ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বের করা যাবে না। এ ব্যাপারে মালিক ও শ্রমিকদের প্রতি তিনি বিশেষভাবে অনুরোধ জানান।
সভায় নেতৃবৃন্দ মহাসড়কের পাশে অবৈধ হাট-বাজার, দোকান ঘর সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। যাতে করে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত সহজ থেকে সহজতর হয়। অন্য দিকে, ফেরি স্বল্পতা ও অব্যবস্থাপনার কারণে প্রত্যেক ফেরিঘাটে ঈদের আগে তীব্র যানজট লেগে থাকে। ফলে জরুরি ভিত্তিতে ফেরি স্বল্পতা দূর করাসহ ঘাটের অব্যবস্থাপনা নিরসন করারও আহ্বান জানান ।
নেতৃবৃন্দ আরো বলেন, ঈদে ঘরমুখী মানুষের নির্বিঘ্নে যাতায়াতের জন্য ঈদের ৩ দিন আগে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ সামগ্রী এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ ব্যতীত অন্যান্য পণ্য পরিবহনের গাড়িগুলো আঞ্চলিক এবং মহাসড়কে না চালানোর জন্য সকল পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি খবির উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক হোসেন আহম্মেদ মজুমদার, ফারুক হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খান ভুট্রু, দফতর সম্পাদক মামুন খান, কোষাধক্ষ্য সাহেব উল্যাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
