কেরানীগঞ্জে আদালত স্থাপন অসাংবিধানিক —মওদুদ

আপডেট : ২১ মে ২০১৯, ২২:১০

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, মিথ্যা ও ভুয়া মামলায় খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে। বিভিন্নভাবে চেষ্টার পরেও খালেদা জিয়াকে মুক্ত করা যাচ্ছে না। সরকারের কলা কৌশলের কারণে বেগম জিয়াকে মুক্ত করা যাচ্ছে না। সরকার মূলত ক্ষমতার বলে তাকে জেলে রেখেছে।

মওদুদ বলেন, নতুন একটা ষড়যন্ত্র হচ্ছে, খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কেরানীগঞ্জ নিয়ে যাওয়া হবে। এবং তার বিচারিক আদালত কেরানীগঞ্জ স্থাপন করা হবে। এটা একটা অমানবিক কাজ। কেরানীগঞ্জে আদালত স্থাপন সম্পূর্ণ অসাংবিধানিক। আমরা আদালতে রিট করব যাতে আদালত কেরানীগঞ্জ স্থাপন করা না হয়। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত  মানববন্ধনে তিনি এ কথা বলেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সুচিকিত্সা, নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। আয়োজক সংগঠনের সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান প্রমুখ।