ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি

বাণিজ্য ও আলোচনা এক সঙ্গে চালাতে চায় যুক্তরাষ্ট্র

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২২:৪৩
ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়ে ফাঁটল ধরা কূটনৈতিক সম্পর্ক মেরামত করতে দিল্লির সাথে আলোচনা ও বাণিজ্য একই সাথে চালিয়ে যেতে চায় ওয়াশিংটন। দুই দেশ তাদের আভ্যন্তরীন বাণিজ্য আগামী এক দশকে পাঁচগুণ বাড়াতে আগ্রহী। ওষুধের মেধাস্বত্ত্ব, সফটওয়্যার পাইরেসি, সোলার প্যানেল ইত্যাদি বিতর্ক নিয়ে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিরোধ তৈরী হয়েছে। এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের সাবেক কুটনীতিক দেবযানী খোবড়াগাড়েকে গ্রেফতার ও নগ্ন করে তল্লাশির ঘটনায় দিল্লি-ওয়াশিংটন সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। ভারত কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করলে যুক্তরাষ্ট্র দেবযানীকে দেশে ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু তারপরেও দুই দেশের সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। এটি স্বাভাবিক করতে দুই দেশের কুটনীতিক স্তরে একের পর এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি কুটনৈতিক সুসম্পর্ক পুনরুদ্ধারেও চলছে জোর প্রচেষ্টা।