বাংলাদেশ-ভারতের ১৬২টি ছিটমহলের অধিবাসীরা নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন। গত মঙ্গলবার মিয়ানমারের রাজধানীতে বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর দ্বি-পাক্ষিক বৈঠক হওয়ায় তারা আশা করছেন এবার হয়তো তাদের সমস্যার সমাধান হবে। বৈঠকে বহুল আলোচিত স্থলসীমা প্রটোকল ভারতের লোকসভায় উত্থাপন করায় মনমোহন সিংকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। ওই প্রটোকল বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিল শিগগিরই ভারতের পার্লামেন্টে পাস হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটি পঞ্চগড় শাখার সভাপতি মফিজার রহমান বলেন, আমাদের ৬৬ বছরের সমস্যার সমাধান হবে এমনটি আশা ছেড়েই দিয়েছিলাম। আজ (বুধবার) বিভিন্ন পত্রিকা পড়ে আনন্দিত হয়েছি। আশা করছি ভারতের পার্লামেন্টে সংবিধান সংশোধন বিল পাস হয়ে ১৯৭৪’র ইন্দিরা-মুজিব চুক্তি ও স্থলসীমা প্রকোটল বাস্তবায়নের মাধ্যমে দ্রুত আমাদের সমস্যার সমাধান করা হবে।
প্রসঙ্গত, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছিটমহল বিনিময় চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের কথা থাকলেও বৈঠকে স্থলসীমা প্রটোকল স্বাক্ষরিত হয়। কিন্ু্ত ভারতের অনীহার কারণে ওই প্রটোকল বাস্তবায়ন না হওয়ায় জেলার বোদা উপজেলার পুটিমারী ছিটমহলে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলের নাগরিকরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। কর্মসূচির ২৪তম দিনে প্রধানমন্ত্রীর অনুরোধে ছিটমহলের অধিবাসীরা অনশন ভঙ্গ করেন।
