জবি শিক্ষার্থীদের মহাসমাবেশ ১৬ মার্চ

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২২:৪৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা অপসারণসহ অন্যান্য দাবিতে শিক্ষক সমাবেশ ও ছাত্র মহাসমাবেশের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষক সমিতির উদ্যোগে আগামী ৯ মার্চ রবিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সমাবেশ এবং ১৬ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রমহাসমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হল অবরোধ কর্মসূচি পালন শেষে পৃথক সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এর আগে বেদখল হওয়া শহীদ বজলুর রহমান হল উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ করেন। পরে বেলা ১১টার দিকে শিক্ষক-শিক্ষার্থীরা বজলুর রহমান হল অবরোধের উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগ করেন। তাদের বিক্ষোভ মিছিলটি বেলা সাড়ে ১১টার দিকে রায়সাহেব বাজার মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়। অন্যদিকে একইসময় বংশাল এলাকায় শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বেলা ১২টার দিকে পুলিশের সহায়তায় শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল হলটিতে (বর্তমানে শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় ভবন) যায়। তারা ভবনে অবস্থিত বিদ্যালয়ের নামফলকে বিশ্ববিদ্যালয়ের ব্যানার টানায়। কিন্তু সোয়া ১২টার দিকে পুলিশের সামনেই ব্যানারটি খুলে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী। এ সময় তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে এসে বিক্ষোভ করে। তারা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার মূল ফটকের সামনে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করে। বিকালে হল অবরোধ কর্মসূচি শেষে অনুষ্ঠিত সমাবেশে হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরীফুল ইসলাম আগামী ১৬ মার্চ সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ছাত্র মহাসমাবেশ করার ঘোষণা দেন। এছাড়া ক্যাম্পাসে নিয়মিত বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।